শেরপুরে একসঙ্গে দৌড়ালেন পাঁচ শতাধিক নারী

শেরপুরে প্রথমবারের মতো আয়োজিত নারীদের মিনি ম্যারাথনে উৎসবমুখর পরিবেশে দৌড়াচ্ছেন বিভিন্ন বয়সী নারীরা। শুক্রবার সকালে শহ‌রের অষ্টমীতলা এলাকায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল তখন সাড়ে ছয়টা। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জড়ো হয়েছেন পাঁচ শতাধিক নারী। কারও চোখেমুখে উচ্ছ্বাস, কারও মধ্যে প্রথমবার ম্যারাথনে অংশ নেওয়ার রোমাঞ্চ। নির্ধারিত সময়ে শুরু হলো ছয় কিলোমিটারের দৌড়।

অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে তাঁদের সঙ্গে দৌড়ে শামিল হলেন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা ইয়াসমিনও।

আজ শুক্রবার সকালে শেরপুর শহরে নারীদের অংশগ্রহণে এ মিনি ম্যারাথনের আয়োজন করে জেলা প্রশাসন। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে শুরু হয়ে ছয় কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় দৌড়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে এ আয়োজন করা হয়।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে এ মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। কবির কবিতার মতো শেরপুরের নারীরা বিজয়লক্ষ্মী হয়ে সারা দেশে ছড়িয়ে পড়বেন, এটাই তাঁদের প্রত্যাশা। নারীদের কর্মদক্ষতা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও শক্তির বিকাশ ঘটবে। একদিন তাঁরা পরিপূর্ণ মানুষ হিসেবে জাতির কাছে নিজেদের অবদান তুলে ধরবেন। শেরপুরের নারীরা আরও এগিয়ে যাবেন।

আয়োজকদের সূত্রে জানা গেছে, সকালে স্টেডিয়াম ও ডিসি উদ্যান চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ। কিশোরী, তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। কারও হাতে ছিল পানির বোতল, কারও চোখেমুখে ছিল নতুন অভিজ্ঞতার আনন্দ। আয়োজনজুড়েই ছিল অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা।

মিনি ম্যারাথনে একসঙ্গে দৌড়ান অন্তত পাঁচ শতাধিক নারী
ছবি: প্রথম আলো

ম্যারাথনে অংশগ্রহণকারীদের জন্য জার্সি ও খাবারের ব্যবস্থা করা হয়। দৌড়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার হিসেবে দেওয়া হয় বাইসাইকেল।
ম্যারাথনে অংশ নেওয়া ফুটবল রেফারি ভাবনা বলেন, ‘প্রথমবারের মতো এমন আয়োজনে অংশ নিতে পেরে আনন্দবোধ করছি। আরও ভালো লাগছে, আমাদের সঙ্গে ডিসি মহোদয়ও দৌড়েছেন।’

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, এ ধরনের আয়োজন নারীদের শারীরিক সুস্থতার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে। শৃঙ্খলাপূর্ণভাবে ম্যারাথনটি সম্পন্ন হয়েছে।