জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাছ কাটা বন্ধ ও মাস্টারপ্ল্যান প্রণয়নের দাবিতে বিক্ষোভ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাছ কেটে ভবন নির্মাণ বন্ধ ও মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং ‘অপ্রয়োজনীয়’ নতুন তৃতীয় প্রশাসনিক ভবন নির্মাণ বন্ধের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা সোয়া দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় শিক্ষার্থীরা একটি সমাবেশ করেন। সমাবেশ শেষে তাঁরা একই স্থান থেকে বিক্ষোভ মিছিল বের করেন।
পরে বিক্ষোভ মিছিলটি নতুন প্রশাসনিক ভবন হয়ে কয়েকটি সড়ক ঘুরে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) নতুন ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে ‘গাছ কাটা নিষেধ’ লেখাসংবলিত একটি ব্যানার গাছে ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এর আগে মিছিলে শিক্ষার্থীরা ‘গাছ কাটা চলবে না’, ‘মাস্টারপ্ল্যান প্রণয়ন করো, করতে হবে’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘দুর্নীতির বিরুদ্ধে গড়ে তুলি আন্দোলন’ ইত্যাদি নানা ধরনের স্লোগান দেন।
মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে জহির রায়হান চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক মৌটুসি জুবাইদা রহমান বলেন, ‘আইবিএর ভবন খুবই প্রয়োজনীয়। আমরাও চাই ভবন নির্মাণ করা হোক। তবে সেটা মাস্টারপ্ল্যান মেনে হতে হবে। কিন্তু প্রশাসন অবুঝের মতো আচরণ করছে। তাঁরা যেখানে আইবিএর জন্য ভবন নির্মাণ করতে চায়, সেখানে ভবন নির্মাণ করলে বহু গাছ কাটা পড়বে।জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। আমরা এই গাছ কাটা বন্ধ করে পরিকল্পিত উন্নয়নের দাবি জানাই।’
ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সহসাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি বলেন, ‘বারবার আমরা দেখছি প্রশাসন গাছপালা ধ্বংস করে, জীববৈচিত্র্য ধ্বংস করে, প্রাণ–প্রকৃতি ধ্বংস করে ভবন নির্মাণের পাঁয়তারা করছে। আমরা বারবার দাবি জানানোর পরও তারা (বিশ্ববিদ্যালয় প্রশাসন) কোনো মাস্টারপ্ল্যান প্রণয়ন করেনি। তাঁরা এখন প্রকাশ্যে বলে, “আমাদের কোনো মাস্টারপ্ল্যান নেই।” আমরা চাই বিশ্ববিদ্যালয় এই গাছ কাটার মহোৎসব থেকে বেরিয়ে আসুক। অবিলম্বে মাস্টারপ্ল্যান প্রণয়ন করে গাছপালা না কেটে ভবন নির্মাণ করুক।’
সমাপনী বক্তব্যে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী বলেন, ‘ক্যাম্পাসে বারবার গাছ কেটে উন্নয়ন চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পূর্বেও আমরা লক্ষ করেছি, যেখানে গাছ আছে, সেখানেই তারা (বিশ্ববিদ্যালয় প্রশাসন) ভবন নির্মাণের পাঁয়তারা করে। এর আগে আইবিএ ভবনের জন্য একটি স্থান থেকে গাছ কাটে প্রশাসন। পরে সেখানে ভবন না করে এখন আবার নতুন করে অন্য জায়গায় গাছ কাটার পাঁয়তারা চলছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিশ্ববিদ্যালয়ে আর কোনো গাছ কাটতে দেওয়া হবে না।’
প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের আইবিএর ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আইবিএর ভবনটি নির্মিত হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ১০০ মিটার দক্ষিণে বিজ্ঞান কারখানা এলাকায়। ওই এলাকায় ভবন নির্মাণ করা হলে পাঁচ শতাধিক গাছ কাটা পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তারই প্রতিবাদ জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।