পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় আহত মা-মেয়েসহ তিনজন নিহত, আহত ৫
পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ তিনজন থ্রি-হুইলার (তিন চাকার যান) যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও পাঁচ যাত্রী ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই তিনজন মারা যান। এর আগে বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের কৈকিল্লা দীঘি এলাকায় বোদা-দেবীগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা খানম (৩৫), তাঁর আট বছর বয়সী মেয়ে আল আকসা সম্প্রীতি এবং দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের খেলারাম এলাকার বাসিন্দা ও ক্লিনিক কর্মী প্রমীলা রানী (৩০)।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বিকেলে একটি থ্রি-হুইলার যাত্রী নিয়ে বোদা উপজেলার সাকোয়া বাজার এলাকা থেকে বোদা উপজেলা শহরের দিকে যাচ্ছিল। এ সময় বোদা-দেবীগঞ্জ সড়কের কৈকিল্লা দীঘি এলাকায় একই দিক থেকে আসা একটি ট্রাক থ্রি হুইলারটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে থ্রি হুইলারটি দুমড়েমুচড়ে গিয়ে আট যাত্রী গুরুতর আহত হন।
পরে লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সাতজনের অবস্থার অবনতি হলে তাঁদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে মাহমুদা খানম ও তাঁর মেয়ে আল আকসা সম্প্রীতির অবস্থার অবনতি হলে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত আটটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মা-মেয়ের মৃত্যু হয়। এর কিছুক্ষণ পরেই ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রমীলা রানী নামের আরেক যাত্রী মারা যান।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল বলেন, ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ থ্রি-হুইলারের তিনজন যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার পর ঘাতক ট্রাক নিয়ে চালক পালিয়ে গেলেও পরে তা শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।