ডায়াবেটিস সচেতনতা দিবস
শিশুদের মধ্যে ডায়াবেটিস রোগের প্রবণতা বাড়ছে
যাঁরা ডায়াবেটিসের চিকিৎসা নিতে আসেন, তাঁদের মধ্যে অধিকাংশের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না।
সিলেট সদর উপজেলার বাসিন্দা ফারুক মিয়া ও নাসরিন বেগম দম্পতির যমজ মেয়ে সাহেরা ও নাদিরা (সবার ছদ্মনাম)। সাহেরা যখন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী, তখন তার জ্বর ও গলাব্যথা দেখা দেয়। সপ্তাখানেক ধরে জ্বর কমছিল না। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে হয়। সাহেরার ডায়াবেটিস ধরা পড়ে। পরে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী সাহেরাকে ইনসুলিন দেওয়া হয়।
এর দেড় বছর পর আরেক মেয়ে নাদিরার (১৫) গলা শুকিয়ে যাওয়া, ঘন ঘন প্রস্রাবের প্রবণতা দেখা দেয়। পর্যাপ্ত খাওয়ার পরও ওজন কমছিল। এরপর চিকিৎসকের শরণাপন্ন হলে তার ডায়াবেটিস ধরা পড়ে। নাদিরাকেও ইনসুলিন ব্যবহারের নির্দেশনা দেন চিকিৎসক।
দুই যমজ মেয়ের ডায়াবেটিসের খবরে বিপাকে পড়েন ফারুক ও নাসরিন দম্পতি। এর মধ্যে ২০২২ সালে সাহেরা (১৬) যখন নবম শ্রেণির ছাত্রী, তখন আবার নানা জটিলতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকেরা জানান, সাহেরার ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকায় নানাবিধ জটিলতায় তার মৃত্যু হয়।
সিলেটে বর্তমানে শিশুদের মধ্যেও ডায়াবেটিস হওয়ার প্রবণতা বাড়ছে। হাসপাতালগুলোতে কথা বলে জানা গেছে, ডায়াবেটিসের চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে এখন ১০-১২ শতাংশ থাকে শিশু। এ অবস্থায় আজ মঙ্গলবার সারা দেশে পালিত হবে জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘ডায়াবেটিস নিয়ন্ত্রণ সর্বক্ষণ/ সুস্থ দেহ, সুস্থ মন।’
চিকিৎসকেরা বলছেন, একবার আক্রান্ত হলে সেটি সেরে ওঠা সম্ভব নয়। এ জন্য ডায়াবেটিস হওয়ার আগেই সচেতন হওয়া প্রয়োজন।
সিলেট ওসমানী হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে প্রায় ১০ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত। এর মধ্যে ২ থেকে ৩ শতাংশ শিশু ও কিশোর রোগী থাকে। ২০১৮ সাল থেকে হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগ হিসেবে একটি ওয়ার্ড চালু করা হয়েছে। ওই ওয়ার্ডে প্রতিদিন ২০-২১ জন রোগী ভর্তি থাকেন। গতকাল সোমবার সেখানে এক শিশুসহ ১৩ জন রোগী ভর্তি ছিলেন।
এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক শাহ্ ইমরান বলেন, ডায়াবেটিস মানুষের আয়ু গড়ে সাত বছর কমিয়ে দেয়। কোনো ব্যক্তির আয়ুষ্কাল ৭৭ বছর ধরা হলে ডায়াবেটিস আক্রান্ত হলে তাঁর ৭০ বছর বয়সে মারা যাওয়ার আশঙ্কা থাকে। বর্তমানে বড়দের পাশাপাশি শূন্য বয়স থেকে কিশোর এবং তরুণ বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। এ জন্য সচেতনতার বিকল্প নেই। তিনি বলেন, ডায়াবেটিসে আক্রান্ত হলে সেটি সেরে ওঠা সম্ভব নয়। এসব ব্যক্তি চোখ, কিডনি, পায়ে সংক্রমণসহ নানা রোগে আক্রান্ত হয়ে পড়েন। এ জন্য ডায়াবেটিস হওয়ার আগে সচেতন হওয়া প্রয়োজন। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে, যাঁরা ডায়াবেটিসের চিকিৎসা নিতে আসেন, তাঁদের মধ্যে অধিকাংশের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না। মানুষের কায়িক শ্রম বাড়ানো প্রয়োজন। এ ছাড়া দিনে অন্তত আধা ঘণ্টা হাঁটাচলার উদ্যোগ নেওয়া জরুরি।
অন্যদিকে সিলেটে ডায়াবেটিক সমিতি পরিচালিত সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালে বর্তমানে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ জন ডায়াবেটিসের চিকিৎসা নিচ্ছেন। এর বাইরে উপজেলা পর্যায়ের বিভিন্ন হাসপাতালেও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে প্রায় ১০ শতাংশ শিশুর ডায়াবেটিস রয়েছে। এর বাইরে ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতালে কোভিড-১৯ পরিস্থিতির আগে প্রতিদিন ৬০ থেকে ৬৫ জন রোগী চিকিৎসা নিতেন। এখন সেখানে প্রতিদিন ১৫ থেকে ২০ জন চিকিৎসা নিচ্ছেন।
সিলেট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ বলেন, তাঁরা চেষ্টা করছেন মানুষের দোরগোড়ায় গিয়ে সচেতনতা সৃষ্টি করতে।
সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) ললিত মোহন নাথ বলেন, ডায়াবেটিস রোগীদের শৃঙ্খলা মেনে চলা প্রয়োজন।