রাঙামাটিতে দলীয় প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করল গণ অধিকার পরিষদ

গণ অধিকার পরিষদের প্রার্থী এম এ বাশারছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনে গণ অধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী এম এ বাশারকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দলটির রাঙামাটি জেলা শাখা। আজ সোমবার গণ অধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব (দপ্তর) মো. তাইয়ুফ আজিজ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এম এ বাশারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে অসহযোগিতা, সাংগঠনিক নির্দেশনার প্রতি অবজ্ঞা এবং দলীয় স্বার্থবিরোধী তৎপরতার অভিযোগ ছিল। উত্থাপিত এসব অভিযোগ দলীয় তদন্তে প্রমাণিত হওয়ায় গণ অধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার সর্বসম্মত সিদ্ধান্তে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ তাঁর প্রতি সব ধরনের সমর্থন প্রত্যাহার করা হয়।  একই সঙ্গে দলের সব নেতা-কর্মীকে তাঁর নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। জোটের শরিক দল হিসেবে বিএনপির মনোনীত প্রার্থী দীপেন দেওয়ানকে সমর্থন জানিয়ে দলীয় নেতা-কর্মীদের তাঁর পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়।

গণ অধিকার পরিষদের রাঙামাটি জেলা শাখার সদস্যসচিব ওয়াহিদুজ্জামান বলেন, এম এ বাশার সংসদ সদস্য প্রার্থী হওয়ার পর থেকে কেন্দ্রীয় ও জেলার নেতা-কর্মীদের সঙ্গে অসহযোগিতা করছেন। এই সমন্বয়হীনতার কারণে কেন্দ্রীয় নেতা-কর্মীদের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গণ অধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম এ বাশার প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে দলের একটি পক্ষ ষড়যন্ত্র করছে। তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেননি বলে জানান।