পথ হারিয়ে সুন্দরবনের গহিনে পর্যটক দল, উদ্ধার হলো ৫ ঘণ্টা পর

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া এলাকাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনে আটকে পড়া নয়জন পর্যটককে পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে সুন্দরবনের গহিন থেকে তাঁদের উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসা হয়। স্থানীয় শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তার উদ্যোগে ট্যুরিস্ট পুলিশ, বন বিভাগ, জনপ্রতিনিধি, সাংবাদিকদের সম্মিলিত চেষ্টায় পাঁচ ঘণ্টা পর তাঁদের উদ্ধার করা হয়।

পশ্চিম সুন্দরবনের মুন্সিগঞ্জ বন বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে ৬৫ জনের একটি দল সুন্দরবন ভ্রমণে আসে। তারা তিনটি ট্রলারে মুন্সিগঞ্জ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছি পর্যটনকেন্দ্রে ভ্রমণে যান। এর মধ্যে একটি ট্রলারে ছিল এক পরিবারের নয়জন সদস্য। কলাগাছি পর্যটনকেন্দ্রে বেলা তিনটা পর্যন্ত থাকার পর তাঁরা আবার মুন্সিগঞ্জ বন বিভাগের উদ্দেশে রওনা দেন। কিন্তু ট্রলারচালক পথ ভুল করে সুন্দরবনের গহিনে চলে যায়। ঘণ্টাখানেক চলার পর তাদের ট্রলারের পেট্রল ফুরিয়ে যায়। ট্রলারচালক অন্য ট্রলারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। এভাবেই সন্ধ্যা নামে। তাঁরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা তাঁদের সঙ্গে ভ্রমণে আসা অন্যদের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হন। পরে রাত সাড়ে নয়টার দিকে ট্যুরিস্ট পুলিশ, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, বন বিভাগ সম্মিলিতভাবে তাঁদের উদ্ধার করে রাত ১০টার দিকে লোকালয়ে নিয়ে আসে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন বলেন, বিকেল পাঁচটার দিকে খবর পান ট্রলারচালকসহ ১০ জন সুন্দরবনের গহিনে আটকে পড়েছে। সঙ্গে সঙ্গে গুগল অ্যাপের মাধ্যমে তাঁদের লোকেশন শনাক্ত করেন তিনি। এরপর সাড়ে পাঁচটার দিকে বন বিভাগের দুটি দল, ট্যুরিস্ট পুলিশের দুটি দল, গাবুরা ডুমুরিয়া ইউনিয়নের জনপ্রতিনিধিদের নেতৃত্বে একটি দল, ট্রলার মালিকদের পক্ষ থেকে একটি দল ও সাংবাদিকদের একটি দল সুন্দরবনের গহিনে তাঁদের উদ্ধার করতে যায়। সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর রাত নয়টার দিকে সুন্দরবনের মালঞ্চ নদের তাতের খালের মুখ থেকে তাঁদের উদ্ধার করা হয়। রাত ১০টার দিকে তাঁদের নিয়ে মুন্সিগঞ্জে লোকালয়ে ফেরে উদ্ধারকারী দল। পরে তাঁদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।