দ্রুতগতিতে চলছিল কাভার্ড ভ্যান, চাপা পড়ে প্রাণ গেল কারখানার শ্রমিকের

ফেনী জেলার মানচিত্র

ফেনীতে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকায় ইকবাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম জুয়েল দাস (৩০)। তিনি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার দাসেরহাট ইউনিয়নের চর ঈশ্বর রায় গ্রামের মতিলাল দাসের ছেলে। জুয়েল ছাগলনাইয়ার মুহুরীগঞ্জের পিএইচপি কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

কাভার্ড ভ্যানটি জুয়েল দাসকে চাপা দেওয়ার পর ওই ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষায় থাকা একটি মাইক্রোবাসেও ধাক্কা দেয়। এতে ওই মাইক্রোবাসের চালক আহত হয়েছেন। তাঁর নাম সাইফুল ইসলাম (৪০)। তিনি ফেনী জেলার ফুলগাজী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ হুমায়ুনের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, দ্রুতগতির কারণে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় এটি প্রথমে এক পথচারী শ্রমিককে চাপা দেয়। পাশাপাশি সামনে থাকা একটি মাইক্রোবাসকেও ধাক্কা দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মাইক্রোবাসের চালক ও পথচারীকে উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পথচারীকে মৃত ঘোষণা করেন। আর আহত চালক এখনো ওই হাসপাতালে চিকিৎসাধীন।

ফেনীর ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান বলেন, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসটি জব্দ করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।