সুন্দরবনের ঝরাপাতা নদী থেকে কুড়িয়ে নেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার কয়রার সুন্দরবন সংলগ্ন শাকবাড়িয়া নদীতে ভেসে আসা গাছের ঝরাপাতা ও ডালপালা সংগ্রহ করছেন কয়েকজন নারী। শনিবার সকালে কয়রার হরিহরপুর গ্রামে
ছবি: প্রথম আলো

পশ্চিমে কপোতাক্ষ আর পূর্বে শাকবাড়িয়া নদী। এরও পূর্বে নয়নাভিরাম সুন্দরবন। দুই দিকের নদীবেষ্টিত এলাকাটি উপকূলবর্তী খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের আওতাধীন।

নদীর তীরবর্তী এ এলাকার বাসিন্দারা প্রতিদিন জোয়ার-ভাটার শেষ প্রান্তে ভেসে আসা সুন্দরবনের গাছের পাতা ও ডাল কুড়াতে নদীতে নামেন। এই পাতা ও ডাল কেউ জ্বালানি হিসেবে ব্যবহার করেন, আবার কেউ কেউ বিক্রি করে জীবন-জীবিকা চালান। ঝুড়ি ও ছোট বস্তায় ভরে এসব বিক্রি হয় ১০০ থেকে ২০০ টাকায়।

শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, কয়রার উত্তর বেদকাশী ইউনিয়নের কপোতাক্ষ নদের বাঁধের ধারে অনেক পরিবারের সদস্যরা নদীতে ভেসে আসা ঝরাপাতা সংগ্রহ করছেন। পরে তা জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত করছেন। তাঁদের মধ্যে মধ্যবয়সী সুরভি কয়ালের সঙ্গে কথা বলে জানা গেল, প্রায় প্রতিদিনই তাঁরা দল বেঁধে নদীর তীর থেকে ভেসে আসা পাতা ও ডাল সংগ্রহ করেন। নিজেদের জ্বালানি কাঠের প্রয়োজন মিটিয়ে আঁটি করে সেগুলো বিক্রি করেন। সব ঋতুতেই এই পাতা ও ডাল সংগ্রহের কাজ চলে। শীতকালে লোকজন একটু কম হলেও গরমকালে প্রায় প্রতিদিন ৭০ থেকে ১০০ জন এ কাজ করেন।

কয়রা সদর থেকে একটু দক্ষিণে গিয়ে কাটকাটা লঞ্চঘাট থেকে শুরু করে বীণাপাণি, হরিহরপুর, গাতির ঘেরি হয়ে অনেকটা দ্বীপের মতো নদীতীরবর্তী এলাকাটি চলে গেছে একেবারে দক্ষিণ বেদকাশী। প্রতিদিন ভরা জোয়ারের সময়টুকু বাদে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ভেসে আসা গাছের পাতা ও ডাল সংগ্রহ করে এখানকার বাসিন্দারা। তবে নদী থেকে পাতা সংগ্রহে নারীরাই এগিয়ে।

উত্তর বেদকাশী ইউনিয়নের হরিহরপুর গ্রামে গিয়ে দেখা যায়, সুন্দরবনসংলগ্ন শাকবাড়িয়া নদীতে ভাটার টানে দ্রুত পানি নেমে যাচ্ছে। নদীর লোনাপানিতে নেমে একদল নারী ভেসে আসা গাছের ডাল ও পাতা সংগ্রহ করছেন। পাশেই নদীর বেড়িবাঁধের ওপর সংগ্রহ করা পাতা স্তূপ আকারে রাখা।

সুন্দরবন অঞ্চলের জীবন ও জীবিকা অনেকটা নদীকেন্দ্রিক। এ কারণে লোকজন ঝুঁকির মধ্যেও নদীতে ভেসে আসা পাতা ও ডালপালা সংগ্রহ করে তাঁদের অর্থনৈতিক চাহিদা মেটান
ছবি: প্রথম আলো

পাতা সংগ্রহ করতে আসা হরিহরপুর গ্রামের মালতী দেবী বলেন, রান্নার জ্বালানির জন্য তাঁদের কোনো কষ্ট নেই। এসব ডালপালা ও পাতা সুন্দরবনের বিভিন্ন খালের মধ্য থেকে ভাটার টানে শাকবাড়িয়া নদীতে আসে। কথা বলতে বলতে তিনি ঝুড়িবোঝাই ডালপালাগুলো নদীর বেড়িবাঁধের ওপর রোদে শুকাতে দিচ্ছিলেন। এরপর আবার নেমে পড়েন নদীতে।

সুষমা রানী নামের আরেকজন বলছিলেন, বনের গাছ থেকে ঝরে পড়া বীজও ভেসে আসছে এখন। ডালপালা পাতার সঙ্গে এসব বীজও জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। একদিন ডালপালা-পাতা সংগ্রহ করলে কয়েক দিন অনায়াসে চলে যায়। এই লতাপাতা খুটেই ভাত জোগাড় করতে হয় তাঁদের।

কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি বিদেশ রঞ্জন মৃধা বলেন, এ অঞ্চলের জীবন ও জীবিকা অনেকটা নদীকেন্দ্রিক। এ কারণে লোকজন ঝুঁকির মধ্যেও নদীতে ভেসে আসা পাতা ও ডালপালা সংগ্রহ করে তাঁদের অর্থনৈতিক চাহিদা মেটান। এলাকার অনেক পরিবারের আয়-রোজগার এই ভেসে আসা ডালপালার ওপর নির্ভরশীল। সুন্দরবন উপকূলের দরিদ্র পরিবারগুলোকে নদীতে মাছ ধরা, ডালপালা ও পাতা সংগ্রহ—এসব কাজ করেই বেঁচে থাকতে হয়।