ট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

ট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়া থানার এক উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন সাতকানিয়া থানার এসআই এস এম মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহমেদ ও গাজী মো. মহসিন।

গত বুধবার চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলমের সই করা এক চিঠিতে তাঁদের সাতকানিয়া থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। আজ বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে তিন পুলিশ সদস্যকে সাতকানিয়া থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্র জানায়, গত শনিবার রাতে কক্সবাজারের চকরিয়া থেকে একটি মিনিট্রাকে করে ৩০ হাজার ইয়াবা চট্টগ্রামের দিকে আনা হচ্ছিল। লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের একটি নির্জন সড়কে পৌঁছালে মোটরসাইকেল নিয়ে পুলিশ সদস্যরা ট্রাকটির গতি রোধ করেন। এ সময় ট্রাকচালক নাছিরকে হাতকড়া পরিয়ে জিম্মি করা হয়। পরে ট্রাকটি সাতকানিয়ার কেরানীহাট এলাকায় নিয়ে যাওয়া হয়।

সেখানে পুলিশের দুই কথিত সোর্স রবিন ও মোমিনের সহযোগিতায় ট্রাকের চালকের আসন থেকে ৩০ হাজার ইয়াবা সরিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার প্রমাণ মুছে ফেলতে ট্রাকের সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মেমোরি কার্ড ফরম্যাট করে দেওয়া হয় বলেও পুলিশ সূত্রে জানা গেছে।