উখিয়ায় র্যাবের সঙ্গে গোলাগুলি, অস্ত্রসহ আরসার ৪ সদস্য গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ার দুটি আশ্রয়শিবিরে র্যাবের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার গভীর রাতে গোলাগুলির পর আশ্রয়শিবিরের রোহিঙ্গা আস্তানা ঘিরে পাঁচটি অস্ত্রসহ আরসা চারজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বালুখালী আশ্রয়শিবিরের মো. ইউনুস (৩৭), মধুরছড়া আশ্রয়শিবিরের মফিজুর রহমান (৩৮), কুতুপালং আশ্রয়শিবিরের এনায়েত উল্লাহ (২৬) ও একই আশ্রয়শিবিরের মোহাম্মদ জাবের (২৭)।
এ সময় ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, দুটি দেশে তৈরি এলজি, বিদেশি পিস্তলের চারটি কার্তুজ, এলজির পাঁচটি কার্তুজ, পাঁচটি বড় ককটেল, আটটি ছোট ককটেল, চারটি স্মার্টফোনসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অস্ত্রসহ আরসার চারজন সন্ত্রাসীকে গ্রেপ্তারের কথা জানান র্যাব অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। তিনি বলেন, আশ্রয়শিবিরে নাশকতা সৃষ্টির লক্ষ্যে আরসা সন্ত্রাসীরা ক্যাম্পের একটি আস্তানায় গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে র্যাব সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে আরসা সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি চালায়। ঘণ্টাব্যাপী চলা গোলাগুলির পর আরসার চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন। এ সময় গ্রেপ্তার চারজনের কাছ থেকে পাঁচটি অস্ত্র, কার্তুজ, ককটেলসহ সরঞ্জাম উদ্ধার করা হয়। আরসার গ্রেপ্তার চার সন্ত্রাসীকে উখিয়া থানায় হস্তান্তর ও মামলা করে র্যাব।
গ্রেপ্তার চারজনই আরসার সদস্য দাবি করে র্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, গ্রেপ্তার মো. ইউনুস ওরফে মাস্টার ইউনুস ২০১৭ সালে সপরিবার বাংলাদেশে প্রবেশ করে আরসার কর্মকাণ্ড শুরু করেন। তাঁর নেতৃত্বে আশ্রয়শিবিরে হত্যাকাণ্ডসহ নানা অপকর্ম সংঘটিত হয়।
র্যাব জানায়, গত ১৯ নভেম্বর উখিয়ার একটি আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে আরসার শীর্ষ তিন কমান্ডারকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব। এর আগের কয়েক মাসে অস্ত্র, বিস্ফোরকসহ আরসার ৭৬ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
অস্ত্রসহ ৯ রোহিঙ্গা গ্রেপ্তার
উখিয়ার মধুরছড়া (ক্যাম্প-৪) ও কুতুপালং (ক্যাম্প-৩) আশ্রয়শিবিরে গতকাল রাতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের পৃথক গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্র, গুলিসহ ৯ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করে এপিবিএন। আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এপিবিএন জানায়, অভিযান চালিয়ে র্যাম্প-৪ থেকে একটি শটগান, দুটি ওয়ান শুটারগান, রাইফেলের চারটি গুলিসহ পাঁচজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়। তাঁরা হলেন মো. হানিফ (৩০), মনির আহমদ (৩৫), আবদুল হামিদ (২৩), নূর মোহাম্মদ (১৯) ও জাহিদ আলম (২৭)। অন্যদিকে ক্যাম্প-৩ আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটারগান, রাইফেলের ৯টি গুলিসহ ৪ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়। তাঁরা হলেন ওই আশ্রয়শিবিরের রোহিঙ্গা হামিদ হোসেন (২৮), মো. ইয়াছিন (১৭), হাসিম উল্লাহ (২৭) ও নূর মোহাম্মদ (২২)। এ ঘটনায় উখিয়া থানায় পৃথক ২টি মামলা করা হয়েছে।