বৃষ্টির মধ্যে রোপণ করছিলেন ধানের চারা, বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

বজ্রপাতপ্রতীকী ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জে খেতে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তাঁদের ভগ্নিপতি জমির মালিক এবং এক কৃষি শ্রমিক। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছারে বড় ছেলে বিধান বাছার (৫৫) ও ছোট ছেলে মানিক বাছার (৪০)। তাঁরা দুজনই কৃষিকাজ করতেন।

কৃষিশ্রমিকের সংকট থাকায় তাঁরা ভগ্নিপতির জমিতে ধানের চারা রোপণ করতে এসেছিলেন। বজ্রপাতে ভগ্নিপতি শান্ত মিস্ত্রিও আহত হয়েছেন। তবে আহত আরেক কৃষিশ্রমিকের নাম জানা যায়নি। আহত দুজনকেই পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।

বিধান বাছারের স্ত্রী ও চার সন্তান এবং মানিক বাছারের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তাঁদের ভাতিজা রাজীব বাছার বলেন, ‘আমার কাকারা কৃষিকাজ করতেন। সকাল থেকেই এই এলাকায় কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো হালকা জোরে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেই তাঁরা চারজন জমিতে ধানের পাতো (চারা) লাগাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ ঠাডা (বজ্রপাতে) পড়ে। মাঠে দুই কাকা একসাথেই মারা গেছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল্লাহ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পারিবারিকভাবে মৃত ব্যক্তিদের শেষকৃত্যের প্রস্তুতি চলছে।