হেঁটে বাড়ি ফিরছিলেন, ট্রাকচাপায় দুই ভাই নিহত
নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ভাই নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে আরও এক কিশোর। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার পশ্চিম কুচিয়ারমোড় গ্রামের তরিকুল ইসলামের ছেলে সিহাব হোসেন (১৯) ও মো. সোয়াদ (৬)। আহত কিশোর একই গ্রামের স্টালিন ইসলামের ছেলে মো. হোসেন (১০)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন বলেন, গতকাল রাতে জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন ওই তিন তরুণ-কিশোর। এ সময় সৈয়দপুর থেকে নীলফামারীগামী একটি দ্রুতগতির ট্রাক পেছন দিক থেকে তাঁদের চাপা দেয়। চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন। গুরুতর আহত মো. হোসেনকে ২৫০ শয্যার নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।