‘ফ্যামিলি কার্ডটা পায়্যা ঈদের চাইতেও বেশি খুশি লাগিচ্চে’
‘ফ্যামিলি কার্ডটা পায়্যা ঈদের চাইতেও বেশি খুশি লাগিচ্চে। এটি (এখানে) আসার আগেই মোবাইলের নগদ অ্যাকাউন্টে আড়াই হাজার টেকা আসিচে। ঈদের আগে টেকাটা পায়্যা খুব উপকার হচে। ছোলডা (ছেলে) ঈদে লতুন জামার জন্যি বায়না ধরিচিল। ফ্যামলি কার্ডের টেকা দিয়ে হামার ছোলডাক নতুন জামা কিনে দিমো। বাকি টেকা দিয়ে ঈদের দিন সেমাই আর গরুর মাংস কিনে পোলা রান্না করে পরিবারের সগলিক প্যাট ভরে খাওয়ামো।’
ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে উচ্ছ্বসিত বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোপালবাড়ি গ্রামের গৃহবধূ নাজমা আকতার এভাবেই কথাগুলো বলছিলেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে গোপালবাড়ি গ্রামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনের দিনে ওই গ্রামের ৪৯৬টি পরিবারের নারীরা তাঁদের মুঠোফোনের নগদ অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ টাকা করে পেয়েছেন। এর আগে ওই গ্রামে পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড বিতরণের জন্য ৮৬৮টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে ৫৪৪টি পরিবারকে ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচিত করা হয়।
গোপালবাড়ি গ্রামের গৃহিণী মোরশেদা জয়নাল বলেন, ‘অসুস্থ শরীর। টেকার জন্যি এত দিন চিকিৎসা করবার পারিনি। মাসে ২ হাজার ৫০০ টেকা পায়্যা খুব উপকার হবি। ঠিকমতো চিকিৎসা করাবার পারমো, ওষুধ-পথ্যি কিনে খাবার পারমো।’
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল ওয়াজেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মো. রকনুল হক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার এবং বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান।
এর আগে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরের কথা ছিল। কিন্তু বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের প্রশ্ন উঠতে পারে, এ কারণে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত করা হয়। আজ রাজধানী ঢাকার কড়াইল বস্তি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এর মধ্য দিয়ে দেশের ১৪টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম ঈদের আগেই শুরু হলো।