টেকনাফে ডেঙ্গু রোগীর সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডিস মশা
ফাইল ছবি

রাজধানী ঢাকার সঙ্গে পাল্লা দিয়ে কক্সবাজারের টেকনাফে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে। গত সাড়ে তিন মাসে উপজেলায় ২ হাজার ৬২৫ জনের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত ৫৭৮ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। বাকিরা জেলা সদরে বা অন্য জায়গায় চিকিৎসা নিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ১০ জন ডেঙ্গু রোগীর ভর্তি রয়েছেন। টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক টিটু চন্দ্র শীল প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। তবে টেকনাফ উপজেলায় মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি। কক্সবাজারে ১৫ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

জুন মাসে টেকনাফে প্রথম ডেঙ্গুতে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, টেকনাফে জুন মাসে ৭৯ জন, জুলাইয়ে ৮৫৩ জন, আগস্টে ৯১৫ জন এবং ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ৭৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে জুলাই মাসে ১৬৬ জন, আগস্টে ৩০৭ জন এবং সেপ্টেম্বরে এ পর্যন্ত ১০৫ জনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছেন। জুন মাসে টেকনাফে প্রথম ডেঙ্গুতে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এরপর থেকে প্রায় প্রতিদিন জ্বর, মাথাব্যথা ও শরীরব্যথা নিয়ে রোগী এসেছেন হাসপাতালে। রক্ত পরীক্ষায় তাঁদের অনেকেরই শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন চিকিৎসক ও ১৬ জন কর্মকর্তা-কর্মচারী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

চিকিৎসক টিটু চন্দ্র শীল বলেন, প্লাটিলেট কমে যাওয়ায় এ পর্যন্ত শতাধিক রোগীকে কক্সবাজার সদর ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। রাজধানী ঢাকার পর ডেঙ্গু আক্রান্তের সংখ্যায় এখন পর্যন্ত টেকনাফ উপজেলা দ্বিতীয় স্থানে রয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ এরফানুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য টেকনাফ পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বাড়ির আশপাশের ঝোপজঙ্গল ও পরিষ্কার রাখতে মাইকিং করা হচ্ছে। সবাই সচেতন হলেই শুধু ডেঙ্গুর বিস্তার ঠেকানো সম্ভব।