সীতাকুণ্ডে প্রথমবারের মতো রঙিন ফুলকপি চাষ
ফুলকপির রং হলুদ ও বেগুনি। প্রথম দেখাতে মনে হবে, কেউ সাদা ফুলকপির ওপর রং করেছে। আগে বাংলাদেশে এ ধরনের রঙিন ফুলকপির চাষ হতো না। কয়েক বছর ধরে শুরু হয়েছে। তবে চট্টগ্রামে এ বছর প্রথমবারের মতো এই ধরনের ফুলকপির চাষ শুরু হয়েছে সীতাকুণ্ডে। প্রাকৃতিকভাবে রঙিন এই ফুলকপি ভিটামিন এ, ক্যারোটিন ও অ্যান্টি–অক্সিডেন্টে ভরা।
কৃষি বিভাগ বলছে, এ ধরনের ফুলকপির সঙ্গে কৃষকদের পরিচয় করিয়ে দিচ্ছে তারা। তাই শুরুতে দাম বেশি দিয়ে কিনতে হবে ভোক্তাদের। চাষাবাদ বাড়ানো গেলে দামও হাতের নাগালে এসে যাবে। প্রতি রঙিন ফুলকপি চাষে কৃষক স্বাভাবিকের চেয়ে ১৫ থেকে ২০ টাকা বেশি পাবেন। মাটির উপযোগী কি না, পরীক্ষামূলকভাবে তা দেখতে সীতাকুণ্ডে প্রথমবারের মতো রঙিন ফুলকপির চাষ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের ‘পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন’ প্রকল্পের আওতায় এই ফুলকপির চাষ হচ্ছে। ফলন ভালো হওয়ায় চট্টগ্রাম অঞ্চলে বিশেষ করে সীতাকুণ্ড, মিরসরাইসহ পাশের উপজেলাগুলোয় রঙিন ফুলকপি চাষের দারুণ সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ।
উপজেলা কৃষি বিভাগের তথ্য, সীতাকুণ্ডে মোট ৮০ হেক্টর জমিতে ফুলকপির চাষ হয়। প্রতি ফুলকপি ২৫ টাকা ধরে এর বাজারমূল্য দাঁড়ায় ৭ কোটি ৪৪ লাখ টাকা। চারা লাগানোর ৬০-৭০ দিনের মাথায় ফুলকপি বিক্রির উপযোগী হয়। এবার সীতাকুণ্ডে ১ হাজার ২০০টি হলুদ ও বেগুনি রঙের ফুলকপির চারা লাগানো হয়েছে। ১৫ চাষি রঙিন ফুলকপি চাষ করেছেন। ১৩ শতাংশ জায়গায় এই চারা লাগানো হয়েছে। প্রতি চারা কেনায় খরচ পড়েছে সাড়ে সাত টাকা।
সীতাকুণ্ডের ফৌজদারহাট সাঙ্গু সড়ক এলাকায় হলুদ ফুলকপির চাষ করেছেন কৃষক জাহাঙ্গীর আলম। তিনি প্রথম আলোকে বলেন, দুই শতাংশ জমিতে ২৫০টি চারা লাগিয়েছেন। রং হলুদ হওয়ায় দেখতে সুন্দর দেখায়। সাদা ও রঙিন ফুলকপি পাশাপাশি দেখলে রঙিন ফুলকপির দিকে মানুষের চোখ আটকে যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ প্রথম আলোকে বলেন, জামালপুরের একটি কৃষি খামার থেকে অনলাইনে অর্ডার করে চারাগুলো আমদানি করেছেন তাঁরা। বাসে করে চারাগুলো পাঠানো হয়েছে। ফলে গরমে কিছু চারা নষ্ট হয়েছে। পরীক্ষামূলক হওয়ায় কৃষকদের উদ্বুদ্ধ করতে চারা, সার, সেক্সফেরোমেন ফাঁদসহ প্রয়োজনীয় সহায়তা কৃষি কার্যালয় থেকে দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, বেগুনি ফুলকপি তার রং পায় ‘অ্যান্থোসায়ানিন’ থেকে। অ্যান্থোসায়ানিন রক্ত জমাট বাঁধা কমিয়ে হৃদরোগ প্রতিরোধে সাহায্য করতে পারে। হলুদ ফুলকপির রঙের পেছনে ‘ক্যারোটিনয়েড’-এর ভূমিকা রয়েছে। এতে আছে ভিটামিন ‘এ’ ও অ্যান্টি–অক্সিডেন্ট। অ্যান্টি–অক্সিডেন্ট ক্যানসার প্রতিরোধে সাহায্য করে।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সুপর্ণা বড়ুয়া বলেন, রঙিন ফুলকপি চাষে রোগবালাই কম হয়। জৈব উপায়ে এই ফুলকপিতে আসা পোকামাকড় দমন করা যায়। ফলে কৃষককে বাড়তি কোনো কীটনাশক ব্যবহার করতে হয় না।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, রঙিন ফুলকপি চাষের পদ্ধতি সাদা ফুলকপির চাষপদ্ধতির মতোই। বীজ ছাড়া খরচের কোনো পার্থক্য নেই। কিন্তু প্রতি বীজে দামের পার্থক্য দেড় টাকা হলেও উৎপাদিত ফুলকপিতে বিক্রির পার্থক্য ১৫ টাকা হয়ে যায়। সে হিসাবে সীতাকুণ্ডে ৮০ হেক্টরে সাদা ফুলকপির বাজার ৭ কোটি ৪৪ লাখ হয়, সেখানে পুরোটায় রঙিন ফুলকপি চাষ করা গেলে বাজার হবে প্রায় ১২ কোটি টাকার।