রাজশাহী নগরে অটোরিকশার ন্যূনতম ভাড়া বাড়ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরীতে সিটি সার্ভিস বাস চালু হওয়ার পর থেকে আবারো আজ সকাল থেকে চালু হয়েছে অটোরিকশা। আজ মঙ্গলবার শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বরে
ছবি: প্রথম আলো

রাজশাহী নগরে অটোরিকশার ভাড়া ন্যূনতম ১০ টাকার দাবিতে হঠাৎ করে দুই দিন ধর্মঘট করার পর আজ মঙ্গলবার বিকেলে আলোচনা সভা হয়েছে। এই সভায় অটোরিকশার ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এ ছাড়া নগরে শুরু হওয়া সিটি সার্ভিস বাসও চলাচল করবে না বলে সিদ্ধান্ত হয়।

আজ বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত অটোরিকশার তিনটি সংগঠনের সঙ্গে আলোচনায় বসে সিটি করপোরেশন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

সভা শেষে রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ ও ইজিবাইক-অটোরিকশা নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক সরিফুল ইসলাম বলেন, অটোরিকশার চালক ও মালিকদের কয়েকটি সংগঠনের সঙ্গে আলোচনা হয়েছে। রাজশাহী নগরের আপাতত অটোরিকশার ভাড়া বাড়ানো হচ্ছে না। আগের নির্ধারিত ভাড়াই বহাল থাকবে। তবে চালু হওয়া সিটি সার্ভিস বাস বন্ধ থাকবে। তাঁরা ইতিমধ্যে পরিবহনমালিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন।

আলোচনা সভায় ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ১৩ নম্বরের আবদুল মমিন, ১৪ নম্বরের আনোয়ার হোসেন, ১৮ নম্বরের শহিদুল ইসলাম, ১৯ নম্বরের তৌহিদুল হক, আরএমপির ট্রাফিক ইন্সপেক্টর-১ আতাউল আল কোরাইশী, মহানগর ইজিবাইক মালিক শ্রমিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রিমন, মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ বলেন, কারও উসকানিতে কিছু অটোরিকশার মালিক, চালক ধর্মঘট ডেকেছিলেন। এটা কোনো সংগঠনের ধর্মঘট ছিল না। সভায় তাঁরা ভাড়া বাড়ানোর বিষয়ে দাবি তুলেছিলেন। বিষয়টি আমলে নিয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষ তা বিস্তারিতভাবে আরও আলোচনার প্রস্তাব দিয়েছে। ভবিষ্যতে আলোচনার মাধ্যমে ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।

এর আগে কোনো রকম ঘোষণা ছাড়াই গত রোববার সকাল থেকে অটোরিকশাচালক ও মালিকদের একটি পক্ষ অটোরিকশা চালানো বন্ধ করে দেয়। এ খবর পুরো শহরে ছড়িয়ে পড়লে বেশির ভাগ অটোরিকশার চালক আর গাড়ি বের করেননি।

এর আগে কোনো রকম ঘোষণা ছাড়াই গত রোববার সকাল থেকে অটোরিকশাচালক ও মালিকদের একটি পক্ষ অটোরিকশা চালানো বন্ধ করে দেয়। এ খবর পুরো শহরে ছড়িয়ে পড়লে বেশির ভাগ অটোরিকশার চালক আর গাড়ি বের করেননি। চালক ও মালিকেরা অটোরিকশার ভাড়া ন্যূনতম ১০ টাকা করার দাবিতে সেদিন সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত রাজশাহী সিটি করপোরেশনের নগর ভবনের সামনে রাস্তা অবরোধ করেন। পরে বিষয়টি নিয়ে মেয়রের সঙ্গে আলোচনার আশ্বাস পেয়ে তাঁরা সড়ক অবরোধ তুলে নেন। গতকাল দুপুরে সিটি করপোরেশনের পক্ষ থেকে আলোচনায় বসার জন্য ডাকা হয়েছিল। তবে কোনো চালক বা মালিক আলোচনায় যোগ দেননি।

রাজশাহী শহরে হঠাৎ করে অটোরিকশা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। প্রথম দিন কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে তাঁদের দুই সিটের অটোরিকশায় করে চলাফেরা করতে হয়েছে। দ্বিতীয় দিন সিটি বাস সার্ভিস চালু হলে মানুষের দুর্ভোগ কিছুটা কমে। তবে এই সার্ভিস চালুর পর গতকাল সোমবার সন্ধ্যার আগে থেকে আগের ভাড়ায় রাজশাহী নগরে অটোরিকশা নামাতে থাকেন চালকেরা। আজ মঙ্গলবার পুরোদমে তাঁরা অটোরিকশা চালাতে থাকেন। এ অবস্থায় সিটি সার্ভিস বাসও অল্প পরিমাণে চালু ছিল।


এদিকে ভাড়া না বাড়ানোর সিদ্ধান্তের পর কয়েকজন অটোরিকশাচালকের সঙ্গে কথা হয়। তাঁরা বলছেন, সবকিছু দাম বেড়ে গেছে। অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশের দামও বাড়তি। ভাড়া বাড়ানোর দাবি যৌক্তিক। অটোচালক মো. লতিফ বলেন, দেশের কোথাও ন্যূনতম ভাড়া ৫ টাকা নেই। ভাড়া না বাড়ালে সংসার চালানো কঠিন।