সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে হামলায় আহত তিন পুলিশ সদস্য ও এক সোর্স, আটক দুই
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্স। ধারালো অস্ত্রের আঘাতে তাঁরা আহত হন। আজ শনিবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত ব্যক্তিরা হলেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান, কনস্টেবল শাহীন, কনস্টেবল মাইনুল ও পুলিশের সোর্স মাসুম মিয়া। তাঁদের মধ্যে তিন পুলিশ সদস্য সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত মাসুম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের একটি মামলার আসামি সাগরকে গ্রেপ্তারের জন্য এসআই সুরুজ্জামান দুই কনস্টেবল ও এক সোর্সকে নিয়ে উপজেলার সাতভাইয়াপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় সাগর ও তাঁর ভাই সজল ধারালো দা দিয়ে অতর্কিত হামলা চালান। এতে তিন পুলিশ সদস্য ও তাঁদের সঙ্গে থাকা সোর্স আহত হন। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন সাগর ও সজল। তাঁরা সম্পর্কে সহোদর ভাই। তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
আহত এসআই মো. সুরুজ্জামান জানান, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত সাগরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে আজ তিনি দুই কনস্টেবল শাহীন ও মাইনুলকে সঙ্গে নিয়ে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সাগর ও তাঁর ভাই সজল ধারালো দা দিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা তিন পুলিশ সদস্য ও পুলিশ সোর্সকে কুপিয়ে আহত করেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার প্রথম আলোকে বলেন, মোটরসাইকেল ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।