চাকরি দেওয়ার কথা বলে মুক্তিপণ নিত চক্রটি, ঘটেছে হত্যার ঘটনাও
সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সদস্যদের কয়েকজন পূর্বপরিকল্পনা অনুসারে অবস্থান নেন সাভার ও গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানার সামনে। এরপর চাকরিপ্রত্যাশীদের লক্ষ্য করে তাঁদের সঙ্গে প্রথমে সখ্য গড়ে তোলেন। একপর্যায়ে আশ্বাস দেন চাকরি পাইয়ে দেওয়ার। চক্রের একজনকে শিল্পপ্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা সাজিয়ে চাকরিপ্রার্থীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। ওই ভুয়া কর্মকর্তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে দেখা করতে গেলেই আটকে রাখা হয় চাকরিপ্রার্থীদের। লুট করে নেওয়া হয় তাঁদের কাছে থাকা টাকাসহ মূল্যবান সামগ্রী। পরে দাবি করা হয় আরও টাকা। এ কাজে বাধা দেওয়ায় ঘটেছে হত্যার ঘটনাও।
সাভারের আশুলিয়ায় আরিফ হোসেন (১৯) হত্যা মামলার তদন্ত করতে গিয়ে চক্রটির সন্ধান পেয়েছে র্যাব-৪-এর একটি দল। ওই ঘটনায় জড়িত এ চক্রের চারজনকে গ্রেপ্তারের পর তাঁদের জিজ্ঞাসাবাদে চক্রটির নানা অপকর্মের প্রমাণ পাওয়া গেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহী জেলার বাগমারা থানার শ্রীপতিয়াপাড়া গ্রামের সেন্টু সরদার (৩৫), দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার নৌপাড়া গ্রামের জমির উদ্দিন (৩৩), সুনামগঞ্জ জেলার ধর্মপাশা গ্রামের রাব্বি আহম্মদ (২৭) ও টাঙ্গাইল জেলার গোপালপুর থানার কামদেববাড়ী গ্রামের জহিরুল ইসলাম (৩৫)। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় সাভারে র্যাব-৪ সিপিসি-২ নবীনগর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে চক্রটির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন র্যাব-৪ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে গতকাল শনিবার সাভার ও গাজীপুরের বিভিন্ন স্থান থেকে আটকে রেখে টাকা দাবি এবং হত্যার ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, চার বছর ধরে তাঁরা সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়ক, গাবতলী থেকে ঢাকা-আরিচা মহাসড়কসহ আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় কৌশলে ভুক্তভোগীদের নির্জন স্থানে নিয়ে আটকে রেখে মুক্তিপণ আদায় করতেন। পাশাপাশি চুরি ও ছিনতাইয়ের সঙ্গেও জড়িত ছিলেন চক্রের সদস্যরা। ইতিমধ্যে ৬০টির বেশি প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে ২৫ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তাঁরা।
সংবাদ সম্মেলনে বলা হয়, গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করার সময় সেন্টু সরদারের সঙ্গে পরিচয় হয়েছিল সিরাজগঞ্জ জেলার বাজরা গ্রামের আরিফ হোসেনের। পরিচয়ের সূত্র ধরে পোশাক কারখানায় চাকরির জন্য আরিফ হোসেন যোগাযোগ করেন সেন্টুর সঙ্গে। পরে সেন্টু তাঁদের সহযোগী জমির উদ্দিনকে একটি পোশাক কারখানার মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে আরিফের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
চলতি মাসের ২১ তারিখে চাকরির জন্য জমিরের কথামতো আরিফ সাভারের আশুলিয়ায় দেখা করতে গেলে আরিফকে কৌশলে একই এলাকার কলতাসুতি গ্রামের কেন্দ্রীয় গণকবরের ভেতরে নিয়ে যান চক্রটির সদস্যরা। পরে আরিফের হাত-পা বেঁধে মুক্তিপণ হিসেবে টাকা দাবি করেন তাঁরা। আরিফ টাকা দিতে অস্বীকৃতি জানালে ধস্তাধস্তির একপর্যায়ে আরিফকে গলা চেপে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পর আশুলিয়া থানায় হত্যা মামলা করেন নিহত ব্যক্তির ভাই তালেব হোসেন। ওই মামলায় ছায়া তদন্ত শুরু করে র্যাব। পরে তারা ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করে।
র্যাব-৪ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, গ্রেপ্তার আসামিরা পেশাদার চাঁদাবাজ ও প্রতারক চক্র। তাঁরা চাকরিপ্রত্যাশীসহ বিভিন্নজনকে নিজেদের পোশাক কারখানার জিএম, সুপারভাইজার হিসেবে পরিচয় দিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন। আরিফ নামের এক চাকরিপ্রত্যাশীকে আটকে রেখে টাকা দাবির পর টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে হত্যা করে চক্রটি। হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পর তাঁদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ চক্রের অন্যদের বিষয়ে জানার চেষ্টা চলছে।