ফসলি জমিতে খননের মাটি

এ ঘটনার প্রতিবাদে গত ৩০ নভেম্বর ৫৯ জন কৃষক জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

জয়পুরহাটের কালাই উপজেলার করিমপুর গ্রামের আলুখেতে রাখা হয়েছে খাল পুনঃখননের মাটি। গত সোমবারছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কাজীপাড়া সেতু থেকে কালাই উপজেলার বেগুনগ্রাম পর্যন্ত সাত কিলোমিটারের একটি খাল পুনঃখনন করা হচ্ছে। স্থানীয় কৃষকেরা বলছেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঠিকাদার খনন করা মাটি খালের দুই পাশে তাঁদের ফসলি জমিতে রাখছে। ফলে ১০০ বিঘা জমির আলু, শর্ষেসহ শীতকালীন ফসল নষ্ট হচ্ছে।

এ ঘটনার প্রতিবাদে গত ৩০ নভেম্বর ৫৯ জন কৃষক জেলা প্রশাসকের (ডিসি) কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ অভিযোগের অনুলিপি পাউবোর জয়পুরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এবং ক্ষেতলাল ও কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দেওয়া হয়েছে।

কৃষকেরা অভিযোগে লিখেছেন, খালের খনন করা মাটি খালের দুই পাশের ব্যক্তিমালিকানাধীন ফসলি জমিতে ফেলা হচ্ছে। এতে ১০০ থেকে ১৫০ বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে। তাঁরা খাল খননের মাটি খাসজমিতে রাখার দাবি জানান।

গত সোমবার সরেজমিনে দেখা গেছে, কাজীপাড়া মাঠের খাল পুনঃখননের কাজ হয়ে গেছে। কালাইয়ের করিমপুর এলাকার মাঠের কিছু অংশও খনন করা হয়েছে। খালের খনন করা মাটি খালের দুই পাশের কৃষকদের জমিতে ফেলে রাখা হয়েছে। খনন করা মাটিতে আলু ও শর্ষের খেত নষ্ট হচ্ছে। গত কয়েক দিন ধরে কাজ বন্ধ আছে।

করিমপুরের কৃষক আবদুল জলিল বলেন, খালের পাশে ২৫ শতক জমিতে আলু আবাদ করেছেন। এর মধ্যে ১৫–১৭ শতক জমির আলুর খেত মাটি চাপা পড়েছে। এটা খননের মাটি যদি খাসজমিতে রাখা হতো, তাহলে তাঁদের কোনো আপত্তি ছিল না। খাল পুনঃখনন করায় তাঁদের লাভের বদলে সর্বনাশ করা হচ্ছে।

মোজাহার আলী বলেন, ‘আমার ৮০ শতক জমিতে ফসল আছে। শর্ষে ও আলু আবাদ করেছি। এর মধ্যে প্রায় ২৬ শতক জমির ফসলের ওপর খাল খননের মাটি রাখা হয়েছে। এতে আমার ১৫-২০ হাজার টাকার লোকসান হয়েছে। ঠিকাদার মানা করার পরও তিনি আমাদের কথা শুনছেন না।’

পাউবো সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে ৭ দশমিক ১০০ কিলোমিটার খাল পুনঃখননের কাজটি পেয়েছেন কুষ্টিয়ার মেসার্স নাসির উদ্দিন মোল্লা ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কাজের চুক্তি মূল্য ৯২ লাখ টাকা। চলতি বছরের ২১ জুলাই কার্যাদেশ দেওয়া হয়েছে। আগামী বছরের ৩১ মে কাজের মেয়াদ শেষ হবে। মূল ঠিকাদার নাসির উদ্দিন মোল্লা কাজটি করছেন না। কালাই পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক বেলাল তালুকদার এর সাব-ঠিকাদার।

বেলাল তালুকদার বলেন, ব্যক্তিগত মালিকানাধীন জমিতে নয়, খালের দুই পাশের সরকারি জায়গাতেই খনন করা মাটি রাখা হচ্ছে।

এ বিষয়ে কালাই উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায় বলেন, খাল পুনঃখননে কৃষকদের ক্ষতি হচ্ছে বলে শুনেছেন। ইউএনওকে বিষয়টি জানানো হয়েছে। আগামী সপ্তাহে খাল পুনঃখনন এলাকায় সরেজমিনে যাবেন।

পানি উন্নয়ন বোর্ড জয়পুরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান বলেন, কৃষকদের অভিযোগের অনুলিপি পেয়েছেন। কৃষকেরা চাইলে নিজ জমি উন্নয়নের জন্য এ মাটি নিতে পারবেন। এ ছাড়া খনন করা মাটি নিলামে বিক্রির ব্যবস্থা করা হবে।