পাবনার বেড়া ও সাঁথিয়া
মহাসড়কে চলে অবৈধ যান, ঘটছে দুর্ঘটনা
চলতি বছরের প্রথম সাত মাসে অটোভ্যানের চালক, যাত্রীসহ দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত সাতজনের। আর আহত হন অন্তত ২৫ জন।
পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় মহাসড়কগুলোতে ব্যাটারিচালিত ভ্যান বা অটোভ্যান চলাচল বেড়ে চলেছে। প্রায় ৩০ কিলোমিটার গতিতে চলাচল করা এ ভ্যানগুলো মহাসড়কে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। মহাড়কে এই গতিতে ভ্যান চালানোর কারণে চলতি বছরের প্রথম সাত মাসে দুর্ঘটনায় অটোভ্যানের চালক, যাত্রীসহ প্রাণ গেছে অন্তত সাতজনের।
ব্যাটারিচালিত ভ্যানের চালক ও মিস্ত্রিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পায়ে চালিত ভ্যানে ব্যাটারি যুক্ত করে তৈরি করা হয় অটোভ্যান। একটি অটোভ্যানে ৮ থেকে ১০ জন যাত্রী নিয়ে অথবা রিকশা-ভ্যানের তুলনায় চার-পাঁচগুণ বেশি মালামাল নিয়ে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ছুটতে পারে।
১৮ সেপ্টেম্বর বেড়া ও কাশিনাথপুর বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, দুটি স্থানেই যাত্রী তোলার অপেক্ষায় রয়েছে শতাধিক অটোভ্যান। প্রতিটি অটোভ্যানে ৮ থেকে ১০ জন করে যাত্রী তুলে নিয়ে মহাসড়ক ধরে ছুটে যাচ্ছে চাকলা, কাশিনাথপুর, বাঘাবাড়ীসহ বিভিন্ন গন্তব্যে।
বেড়া বাসস্ট্যান্ডে কথা হয় অটোভ্যানচালক তোরাব আলী ও আবদুল হকের সঙ্গে। তাঁরা জানান, কাছাকাছি দূরত্বের জায়গাগুলোতে যাতায়াতে যাত্রীরা বাসের পরিবর্তে অটোভ্যানে উঠতেই বেশি পছন্দ করেন। ব্যাটারির চার্জে চলে বলে অটোভ্যান চালাতে এখন আর শারীরিক কষ্ট হয় না। এ ছাড়া চলেও বেশ জোরে। যাত্রী বহন করে প্রতিদিন একেকজনের কমপক্ষে ৫০০ টাকা রোজগার হয়।
স্থানীয় তিনজন বাসচালকের সঙ্গে কথা বলে জানা যায়, এসব ভ্যান যাত্রী ও পণ্য নিয়ে মহাসড়কে দ্রুত গতিতে ছুটে চলে। অটোভ্যান চালাতে খরচ একেবারে কম হয়। এ ছাড়া পুলিশি ঝামেলাও নসিমন-করিমনের চেয়ে কম হয় ভ্যানের ক্ষেত্রে। তাই এগুলো এত জনপ্রিয়তা পেয়েছে।
বেড়া ফায়ার সার্ভিস স্টেশন ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায়, চলতি বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি থেকে জুলাই) অটোভ্যানের চালক, যাত্রীসহ দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত সাতজনের। আর আহত হন অন্তত ২৫ জন। গত ৯ জানুয়ারি পাবনা-ঢাকা মহাসড়কে সাঁথিয়া উপজেলার আতাইকুলায় ট্রাকের ধাক্কায় পাবনা সদর উপজেলার পুটিগাড়া গ্রামের ভ্যানচালক রবিউল বিশ্বাস (৬৫) ও আবদুল মোমিন (৪৫) নিহত হন। গত ২৮ জুলাই পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার বেঙ্গলমিট নামক স্থানে একটি অটোভ্যানকে বাস চাপা দিলে চালক আবু সাঈদ (৫৫) ও তাঁর ছেলে তাওহিদ (৪) এবং আরেক শিশুযাত্রী রোজা (৫) মারা যায়। নিহত তিনজনের বাড়ি বেড়া উপজেলার দুর্গাপুর গ্রামে।
গত ২৬ মে চাড়া বটতলা নামক স্থানে ট্রাকচাপায় এখলাসউদ্দিন (১৮) ও ২৯ মে বেড়া উপজেলার চাকলা বাসস্ট্যান্ডে বাসচাপায় বাচ্চু শেখ (৫০) নামের দুজন ভ্যানচালক নিহত হন।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রইসউদ্দিন বলেন, ‘মহাসড়কে অটোভ্যানের চলাচল চরম ঝুঁকিপূর্ণ। এগুলো নিজেরা দুর্ঘটনায় পড়ছে, বড় যানবাহনগুলোকেও বিপদে ফেলছে।’
পাবনা-ঢাকা মহাসড়কের মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইসাহাক আলী বলেন, মহাসড়কে অটোভ্যানসহ তিন চাকার যেকোনো যানবাহন চলাচল নিষিদ্ধ। অল্প জনবল থাকা সত্ত্বেও তাঁরা নিয়মিত অভিযান চালাচ্ছেন।