সড়কে রাখা গাড়ি সরাতে বলে তোপের মুখে পুলিশ, অবরোধ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। শনিবার বিকেলে টঙ্গীর চেরাগ আলী ট্রাক টার্মিনাল এলাকায়
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে সড়ক দখল করে রাখা যানবাহন সরাতে গিয়ে শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়েছে পুলিশ। আজ শনিবার বেলা তিনটার দিকে টঙ্গীর চেরাগ আলী ট্রাক টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন। এতে প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে চেরাগ আলী এলাকায় অবস্থিত চেরাগ আলী ট্রাক টার্মিনাল। টার্মিনালে সার্বক্ষণিক অন্তত তিন হাজার গাড়ি রাখা হয়। এর মধ্যে কিছু গাড়ি সড়কের মাঝে চলমান বিআরটি প্রকল্পের উড়াল সড়কের নিচে ফাঁকা জায়গায় রাখা হয়। কিছু রাখা হয় ‘মেঘনা’ সড়কের ওপর। এতে পথচারী ও যান চলাচলে সমস্যা হয়। আজ ওই গাড়ি সরাতে গিয়ে শ্রমিকদের তোপের মুখে পড়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বেলা আড়াইটার দিকে কয়েকজন পুলিশ সদস্য এসে সড়কে রাখা গাড়িগুলো সরাতে বলেন। কিন্তু শ্রমিকেরা তা না করে গাড়িগুলো একইভাবে রেখে দেন। এতে পুলিশ সদস্যরা লাঠি দিয়ে ‘মেঘনা’ সড়কে থাকা বেশ কিছু ট্রাক ও পিকআপের কাচ ভেঙে দেন। এ ঘটনায় পুলিশের ওপর ক্ষুব্ধ হন শ্রমিকেরা। তাঁরা একত্রিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে এলে শ্রমিকেরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়।

ট্রাক টার্মিনালের সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেনের ভাষ্য, টার্মিনালে বিভিন্ন জেলার কয়েক হাজার গাড়ি থাকে। জায়গা স্বল্পতায় কিছু গাড়ি সড়কে রাখেন চালকেরা। দুপুরে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার এসি (সহকারী কমিশনার) মো. মেহেদী হাসান দলবল নিয়ে গাড়ি ভাঙচুর করতে থাকেন। এ ঘটনার পর শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে বিচারের দাবিতে সড়ক অবরোধ করেন।

আজাদ হোসেন অভিযোগ করে বলেন, ‘কোনো কারণ ছাড়াই পুলিশ আমাদের ৪০ থেকে ৪৫টি গাড়ি ভাঙচুর করেছে। আমরা বাধ্য হয়েই বিচারের দাবিতে সড়কে যান চলাচল বন্ধ করে দিই।’ পুলিশের গাড়ি ভাঙচুর ও আহত করার বিষয়ে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমাদের জানা নেই। আমাদের কেউ এ কাজ করে নাই।’

সহকারী কমিশনার মেহেদী হাসানের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। উপকমিশনার মো. মাহবুব-উজ-জামান প্রথম আলোকে বলেন, তাঁরা সড়কের ওপর গাড়ি রেখে যান ও পথচারী চলাচলে সমস্যা করছিলেন। মানুষ প্রায়ই এ নিয়ে অভিযোগ করছিলেন। এর মধ্যে পুলিশ সদস্যরা সেখানে গেলে তাঁরা উত্তেজিত হয়ে পড়েন। পুলিশ সদস্যরা কয়েকটি গাড়ির লুকিং গ্লাস ভাঙচুর করে। এতে শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করেন। পরে পুলিশের ওপর হামলা করা হয়। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এখন পরিস্থিতি শান্ত। গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে।