রূপগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হামলা ও গুলি, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি নেতা বাবুল সিকদারের বাড়ির ভাঙচুর করা জানালা। মঙ্গলবার দুপুরে রূপগঞ্জের তারাবো পৌরসভা এলাকায়
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাবুল সিকদার নামের স্থানীয় এক বিএনপি নেতা ও তাঁর বোনের বাড়িতে ভাঙচুর ও গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতা–কর্মীরা এই হামলায় অংশ নিয়েছেন বলে ওই বিএনপি নেতার অভিযোগ। গতকাল সোমবার মধ্যরাতে উপজেলার তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। বাবুল সিকদার তারাব পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

আজ মঙ্গলবার সকালে বাবুল সিকদারের বাড়িতে গিয়ে হামলার কিছু আলামত দেখা যায়। বাড়ির সামনে বেশ কিছু ভাঙা কাচ ও ইটের টুকরা ও তিনটি ভাঙা চেয়ার ছড়িয়ে–ছিটিয়ে ছিল। উঠানে একটি ক্রিকেট খেলার ভাঙা স্টাম্প ও বুলেটের একটি খোসা পড়ে ছিল। আধা পাকা বাড়ির এক কোণে দেখা যায়, পানির পাম্পের ভাঙা নল।

পরিচয় গোপন রাখার শর্তে বাড়ির ভাড়াটিয়ারা গতকাল রাতের বর্ণনা দেন। তাঁরা জানান, সোমবার রাতে একদল লোক বিএনপিবিরোধী মিছিল করে এসে বাড়িতে হামলা চালান। তাঁরা বাড়ি ভাঙচুর করেন। পরে কয়েক রাউন্ড গুলি চালিয়ে সেখান থেকে চলে যান। তবে হামলাকারীদের কারও পরিচয় বলতে পারেননি বাড়ির ভাড়াটিয়ারা।

বাড়ির মালিক বাবুল সিকদার প্রথম আলোকে বলেন, ‘৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এনামুল হক এবং একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল গাফ্ফার রাসেল ও পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি এমি ভূঁইয়ার নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জনের একটি দল হামলায় অংশ নিয়েছে। হামলা শেষে তারা মিছিল করতে করতে আমার বোনের বাড়ির দিকে চলে যায়। পরে খবর আসে, তারা আমার বোনের বাড়িতেও হামলা চালিয়েছে।’

নিজের বাড়িতে হামলা প্রসঙ্গে বাবুল সিকদার বলেন, শুরুতেই হামলাকারীরা বাড়ির বাইরের বৈদ্যুতিক বাতিগুলো নিভিয়ে দেয়। পরে ক্রিকেটের স্টাম্প, ইট ও চাপাতি নিয়ে বাড়ির দরজা জানালা ভাঙচুর করে। একপর্যায়ে তারা বাড়ির প্রধান ফটক ভাঙার চেষ্টা করে। এ সময় বাড়ির আশপাশে থাকা ভাড়াটিয়ারা ঘর থেকে বের হলে হামলাকারীরা অন্তত চার রাউন্ড গুলি ছোড়ে। কেউ এগিয়ে এলে তাদের হত্যা করা হবে বলে হুমকি দেয়। পরে তারা গালাগাল ও হুমকি দিয়ে চলে যায়। বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার সঙ্গে রাজনীতি করলে এলাকাছাড়া করা হবে বলে হামলাকারীরা হুমকি দিয়ে গেছে বলে জানান বাবুল সিকদার।

বাবুল সিকদারের ভাগনে স্থানীয় একটি গণমাধ্যমের সাংবাদিক আরিফ হাসান প্রথম আলোকে বলেন, ‘গভীর রাতে হঠাৎ একদল লোক মিছিল করে বাড়িতে এসে হামলা চালায়। তারা ইটপাটকেল ছুড়ে বাড়ির কাচগুলো ভেঙে ফেলে। পরে মিছিল করে চলে যায়। কেন হামলা করেছে, তা বুঝে উঠতে পারছি না। আমি তো কোনো রাজনীতি করি না।’

হামলার কারণ বিষয়ে জানতে চাইলে বাবুল সিকদার বলেন, ‘হামলাকারীরা আশপাশের এলাকায় বলাবলি করেছে, আমার বাসায় নাকি বিএনপির গোপন সভা হয়েছে। বাড়িতে আমার মা ও স্ত্রী বহু বছর ধরে অসুস্থ। গত পাঁচ বছর আমার বাড়িতে কোনো সভা হয়নি।’ এ বিষয়ে বাবুল সিকদার থানায় কোনো অভিযোগ দেবেন না বলে জানান। তিনি বলেন, ‘অতীত অভিজ্ঞতা হলো, থানায় গিয়ে কোনো উপকার হয় না। উল্টো পুলিশ আমাদেরই হয়রানি করে। আমরা থানায় যাব না।’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করতে পারেন বলে গুঞ্জন আছে। বাবুল সিকদার মোস্তাফিজুরের অনুসারী হিসেবে পরিচিত। মোস্তাফিজুর বলেন, ‘সামনেই জাতীয় নির্বাচন। সে কারণে আমাদের দলীয় সক্রিয়তাও বাড়ছে। এটাই হামলার কারণ। আমি নারায়ণগঞ্জ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন চাইব। নির্বাচনের আগেই তারা আমার নেতা–কর্মীদের হামলা মামলা দিয়ে কোণঠাসা করতে চায়।’

সোমবার মধ্যরাতে এমি ভূঁইয়া তাঁর ফেসবুক আইডিতে মিছিলের একটি ভিডিও এবং কিছু ছবি পোস্ট করেন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেন, ‘একটু নমুনা দেখালাম আমরা আওয়ামী লীগ।’ তাঁর পোস্ট করা দুই মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা বিএনপি, জামায়াতে ইসলামী ও মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন।

বাবুল শিকদারের বাড়িতে হামলার বিষয়ে চাইলে এমি ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘বিএনপি নাশকতা করতে মাঠে নামতে চেয়েছিল। দেখেন না মার্কেটে আগুন দেয়। এমন খবর শুনে ছাত্রলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা আমরা মাঠে নামি। আমরা শুধু একটি মিছিল করছি। হামলা ও গুলির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

রূপগঞ্জ থানার পরিদর্শক তদন্ত আতাউর রহমান বলেন, বিএনপি নেতা বাবুল সিকদারের বাড়িতে হামলার কোনো অভিযোগ তাঁরা পাননি। এমন কোনো ঘটনা ঘটেছে বলেও জানা নেই। খোঁজ নিয়ে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।