পাবনায় পাটখেত থেকে যুবকের হাত-পা বিচ্ছিন্ন লাশ উদ্ধার
পাবনা সদর উপজেলায় পাটখেত থেকে যুবকের হাত-পা বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার গয়েশপুর ইউনিয়নের ধোপাঘাটা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাশ উদ্ধার হওয়া যুবকের নাম ইলিয়াস হোসেন (২৮)। তাঁর বাড়ি জেলা সদরের জালালপুর নতুনপাড়া মহল্লায়। তিনি পেশায় তাঁত ব্যবসায়ী ছিলেন।
নিহত ইলিয়াসের বাবা আবদুল মান্নান বলেন, তাঁর ছেলের সঙ্গে কারও বিরোধের কথা তিনি শোনেননি। এর পরেও কেন তাঁর ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তিনি বুঝতে পারছেন না। তিনি এই হত্যাকাণ্ডের বিচার চান।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজের কথা বলে গতকাল রোববার দুপুরে ইলিয়াস হোসেন বাড়ি থেকে বের হন। এর পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল। এরপর আজ সকালে স্থানীয় লোকজন পাটখেতে হাত-পা বিচ্ছিন্ন একটি লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে স্বজনেরা গিয়ে লাশটি শনাক্ত করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাঁর হাত-পা বিচ্ছিন্ন করে হত্যার পর পাটখেতে লাশ ফেলে রাখা হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করা হয়েছে। বিভিন্ন দিক বিবেচনা করে তদন্তকাজ চলছে। দ্রুতই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।