লক্ষ্মীপুরে ছয় মাসের শিশুর লাশ উদ্ধার, মাকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলার একটি গ্রামের পুকুর থেকে ছয় মাস বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করলে শিশুটির মাকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে শিশুর বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। এর আগে গতকাল বিকেলে আটক করা মাকে ওই মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই স্বামী–স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। ঘটনার আগেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। পরে শিশুটির বাবা বাড়ি থেকে কাজে চলে যান। স্বামীর ওপর ক্ষিপ্ত হয়ে ছয় মাসের ছেলেশিশুকে মা হত্যা করে পুকুরে ফেলে দেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। প্রথমে শিশুটি পানিতে পড়ে মারা গেছে বলে ধারণা করে পুলিশ। পরে তদন্ত করে জানা যায়, শিশুটি হত্যার শিকার হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন বলেন, শিশুটির মা পারিবারিক কারণে হতাশায় ভুগছিলেন। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি স্বামীর ওপর ক্ষুব্ধ হয়ে ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন।