বাড়িতে একা থাকতেন প্রবাসী, রাতে দরজার সামনে পড়ে ছিল মরদেহ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নিজ বাড়ির দরজার সামনে থেকে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, ওই প্রবাসীকে হত্যা করা হয়েছে। মরদেহের চোখে–মুখে আঘাতের চিহ্ন ও গলায় দড়ি দিয়ে শ্বাসরোধের আলামত পাওয়া গেছে।
খবর পেয়ে দিবাগত রাত একটার দিকে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসানসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
নিহত ব্যক্তির চোখে–মুখে আঘাতের চিহ্ন ও গলায় দড়ি দিয়ে শ্বাসরোধের প্রাথমিক আলামত পাওয়া গেছে। ঘটনার তদন্ত চলছে। দোষী ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
নিহত রফিকুল ইসলাম তালুকদার (৫০) গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকার বাসিন্দা। ছয় মাস আগে স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি নিজ বাড়িতে একা থাকতেন।
রফিকুলের বাড়ির পাশেই তাঁর বড় ভাই সাইদুল ইসলামের (৫৫) বাড়ি। সাইদুল প্রথম আলোকে বলেন, রফিকুল ৯ বছর মালয়েশিয়ায় ছিলেন। দেড় বছর আগে দেশে ফেরেন। পারিবারিক কলহের জেরে বিবাহবিচ্ছেদের পর তাঁর সাবেক স্ত্রী দুই মেয়েকে নিয়ে নওগাঁয় বাবার বাড়িতে থাকেন।
বড় ভাই সাইদুলের বাড়িতেই রফিকুল খাওয়াদাওয়া করতেন। গতকাল রাতে রফিকুল খেতে না আসায় পরিবারের লোকজন তাঁর মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। সাড়া না পেয়ে ভাইকে ডাকতে তাঁর বাড়ির সামনে গিয়ে সাইদুল দেখেন, প্রধান ফটক খোলা এবং দরজার সামনে রফিকুলের মরদেহ পড়ে আছে। তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন। পরে থানায় খবর দেওয়া হলে রাতে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির চোখে–মুখে আঘাতের চিহ্ন ও গলায় দড়ি দিয়ে শ্বাসরোধের প্রাথমিক আলামত পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।