মৃত্যুর খবর শুনে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনায় গৃহবধূ নিহত
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া অটোরিকশার চালক ও নিহত নারীর তিন স্বজন আহত হয়েছেন।
আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার নাগদা বড়বাড়ির সামনে মতলব-গৌরীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম সাদিয়া আক্তার (২৫)। তিনি উপজেলার ঘিলাতলী এলাকার ইসমাইল গাজীর স্ত্রী। এক স্বজনের মৃত্যুর খবর পেয়ে সাদিয়া আক্তার ও তাঁর তিন স্বজন অটোরিকশায় করে ঘিলাতলী থেকে নাগদা এলাকায় যাচ্ছিলেন।
স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, অটোরিকশাটি নাগদা বড়বাড়ির সামনে থামে। এ সময় মতলব দক্ষিণ থেকে ঢাকাগামী ‘জৈনপুর পরিবহন’ নামের বাসটি সেটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় অটোরিকশার যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। ওই সময় গুরুতর আহত হয়ে সাদিয়া ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।দেলোয়ার হোসেন, মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক
এ দুর্ঘটনায় আহত অটোরিকশার চালক ও সাদিয়ার তিন স্বজনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।