বড় ফেনী নদীতে ধরা পড়ল বড় শতাধিক ইলিশ

সব মিলিয়ে জেলেদের জালে গতকাল প্রায় ১২ মণ ১০ কেজি ইলিশ ধরা পড়ে
ছবি: প্রথম আলো

ফেনীর সোনাগাজীর বড় ফেনী নদীতে জেলেদের জালে আবারও ধরা পড়েছে বড় ইলিশ। গতকাল সোমবার বিকেলে ৩ কেজি ও ২ কেজি ওজনের ১০৫টি ইলিশ ধরা পড়েছে। ওজন করে দেখা গেছে, ১০৫টি ইলিশের মধ্যে ২০টির ওজন প্রায় ৩ কেজি করে এবং অন্য ৮৫টির ওজন দুই থেকে আড়াই কেজি করে। এর আগে গতকাল জেলেদের জালে ২ কেজির বেশি ওজনের ৫০টি ইলিশ ধরা পড়েছিল।

স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে জেলেদের তিনটি জালে একই সময়ের মধ্যে ছোট-বড় আরও প্রায় ২৭০ কেজি ইলিশ ধরা পড়েছে। সব মিলিয়ে গতকাল প্রায় ১২ মণ ১০ কেজি ইলিশ ধরা পড়ে। পরে মাছগুলো নদীর তীরে আড়তে নিয়ে নিলাম করলে নেয়ামত উল্যাহ, আবদুল মান্নানসহ স্থানীয় চারজন মাছ ব্যবসায়ী যৌথভাবে ৮ মণ ২০ কেজি ইলিশ মাছ ৩ লাখ ৪০ হাজার ৫০০ টাকায় কিনে নেন। অপর ৪ মণ ১০ কেজি মো. মোস্তফা, জামশেদ আলমসহ অন্য চারজন ব্যাপারী ১ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা দিয়ে কেনেন। পরে তাঁরা বাজারে এনে সব মাছ ৫ লাখ ৪৫ হাজার ৮০০ টাকায় বিক্রি করেন।

স্থানীয় জেলেরা বলেন, উপজেলার চর খোন্দকার ও আর্দশগ্রাম এলাকার প্রায় ৩০ জন জেলে পাঁচটি ট্রলার নিয়ে গতকাল সকালে ইলিশ মাছ ধরতে বড় ফেনী নদীর শেষ প্রান্তে বঙ্গোপসাগরের মোহনায় জাল ফেলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জোয়ারের পানি কমতে থাকায় জেলেরা জাল টেনে ট্রলারে তুলে নেন। ট্রলারে জাল তুলতেই সবাই দেখতে পান, সেখানে বড় বড় ইলিশ ধরা পড়েছে।

ইলিয়াছ নামে এক জেলে বলেন, পূর্ণিমা শুরু হওয়ায় নদী ও সাগরে ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছ ধরা পড়ছে। তবে জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় অনেকে মাছ ধরতে গভীর সমুদ্রে যেতে চাইছেন না৷ যাঁরা যাচ্ছেন, তাঁদের জালে ধরা পড়া মাছগুলো একটু বেশি দামে বিক্রি করছেন।

মাছ ব্যবসায়ী নেয়ামত উল্যাহ বলেন, ৩ কেজি ওজনের ইলিশগুলো রাতে ১৫০০ থেকে ১৬০০ টাকা কেজি দরে এবং আড়াই কেজি ওজনের ইলিশ ১২০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন। এ ছাড়া অন্য ইলিশগুলো ৫০০ টাকা থেকে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি করেছেন।

উপজেলার মৎস্য কর্মকর্তা তূর্য সাহা প্রথম আলোকে বলেন, এই মৌসুমে নদীতে একাধিকবার তিন কেজি, আড়াই ও দুই কেজি ওজনের বড় ইলিশ মাছ ধরা পড়েছে। পূর্ণিমা শুরু হওয়ায় নদী ও সাগরে বড় বড় মাছ ধরা পড়ছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় স্থানীয় জেলেরা উপকৃত হচ্ছেন। এ কারণে নদী ও সাগরে বিভিন্ন প্রজাতির মাছের বংশবিস্তার বেড়েছে।