সাত ভাই–বোন নিয়ে অভাবের সংসারে বেড়ে ওঠেন রুক্কু মিয়া (৪০)। দেশে রিকশা চালিয়ে যা আয় হতো তা দিয়ে সংসার চলত না। পরিবারে সচ্ছলতা আনতে তিন বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। দু–এক মাসের মধ্যেই বাড়িতেও আসার কথা ছিল। ফেরার আগে ওমরাহ হজ করতে অন্য বাংলাদেশিদের সঙ্গে বাসে করে মক্কায় যাচ্ছিলেন।
স্থানীয় সময় গত সোমবার বেলা সাড়ে তিনটায় ইয়েমেনের সীমান্তবর্তী আসির প্রদেশের আকাবা শার এলাকায় হঠাৎ ব্রেক ফেল করে সেতুর সঙ্গে ধাক্কা লাগে বাসটির। একপর্যায়ে বাসটিতে আগুন ধরে যায়। এ সময় রুক্কু মিয়াসহ ১৮ জন বাংলাদেশি অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর থেকে বিলাপ করে একটা কথাই বলছিলেন রুক্কু মিয়ার স্ত্রী মাছু বেগম, ‘আমার স্বামীর লাশ দেশে আইনা দাও। আমি শেষবারের মতো তাঁর মুখটা দেখতে চাই।’
রুক্কু মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর থেকে স্বজনেরা শোকে মুহ্যমান হয়ে পড়েছেন।
বুধবার দুপুরে ওমরপুর গ্রামে রুক্কু মিয়ার বাড়িতে কথা হয় তাঁর বড় ভাই নুরুল ইসলামের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা গরিব মানুষ। আমার ভাইয়ের লাশটা যেন ফেরত পাই। বাড়িতে দাফন করতে পারি। এ জন্য আমরা সরকারের সহযোগিতা চাই।’
দেশে রুক্কু মিয়ার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে সাইফুল ইসলাম (১৭) এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালায়। ছোট ছেলে হৃদয় অষ্টম শ্রেণিতে পড়ে। মেয়ে শিউলী আক্তার বিবাহিত। ওই বাড়িতে গিয়ে দেখা যায়, রুক্কু মিয়ার স্ত্রী মাছু বেগম বিলাপ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছেন। স্বজনেরা রুক্কুর সন্তানদের কান্না থামাতে পারছেন না।
রুক্কু মিয়ার বড় ভাই নুরুল ইসলাম বলেন, তাঁর ভাই দেশে রিকশা চালাত। তিন বছর আগে সে সৌদি আরবে যায়। কিছুদিনের মধ্যে তাঁর দেশে ফেরার কথা ছিল। তার আগে ওমরাহ হজ করতে আল কাসিম থেকে মক্কা যাচ্ছিল সে।