কুমারখালীতে জরাজীর্ণ ভবনে চিকিৎসা, পাশেই পড়ে আছে নতুন ভবন
সরকারি দুই কর্মকর্তার রেষারেষির কারণে কুমারখালীর যদুবয়রা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন চালু করা সম্ভব হয়নি।
দেড় বছর আগে ভবন হস্তান্তর করেন ঠিকাদার। কিন্তু দুই কর্মকর্তার ঠেলাঠেলিতে আজও ব্যবহৃত হচ্ছে না দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি। সেই ভবনে বাস করছেন স্থানীয় এক ভ্যানচালক। নতুন ভবনের পাশেই পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। সেখানে নেই বিশুদ্ধ খাওয়ার পানি ও স্বাস্থ্যসম্মত শৌচাগার। এ চিত্র কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের।
স্থানীয় বাসিন্দারা বলছেন, জনপ্রতিনিধিদের অবহেলা আর সরকারি দুই কর্মকর্তার ঠেলাঠেলির কারণে ভবনটিতে চিকিৎসাসেবা কার্যক্রম চালু করা সম্ভব হয়নি। দিন দিন নষ্ট হচ্ছে ভবনের আসবাব। তাঁরা দ্রুত এ সমস্যার সমাধান চান।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, যদুবয়রা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটির উন্নীতকরণ বা পুনর্নির্মাণের প্রকল্প হাতে নেয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। দরপত্রের মাধ্যমে প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে দোতলা ভবন নির্মাণের কার্যাদেশ পায় পাবনার ঈশ্বর্দীর মেসার্স এ এস কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারকে ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি কার্যাদেশ দেওয়া হয়। এরপর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে ওই বছরের ৪ মার্চ জায়গা বুঝে নিয়ে ভবন নির্মাণের কাজ শুরু করেন ঠিকাদার।
২০২১ সালের ৩০ নভেম্বর নির্মাণকাজ শেষ করে জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছে হস্তান্তরের জন্য চিঠি পাঠান ঠিকাদার। কিন্তু ভবনটি বুঝে নেওয়ার জন্য নিজেদের সঠিক কর্মকর্তা হিসেবে দাবি করেন দুই কর্মকর্তা। তাঁরা হলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকুল উদ্দিন এবং তৎকালীন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল বাসার মো. আবদুল মুত্তালিব। এ নিয়ে বিভিন্ন দপ্তরে দুই কর্মকর্তা চিঠি চালাচালি ও ঠেলাঠেলি করতে থাকেন।
ভ্যানচালক শেখ আলম বলেন, প্রায় দেড় বছর আগে ঠিকাদার ও দুই স্যার তাঁর কাছে ভবনের সবগুলো চাবি দিয়ে চলে গেছেন, আর আসেননি। তিনি ভবন দেখাশোনার জন্য পরিবার নিয়ে বাস করছেন।
ঠিকাদার আতিয়ার রহমান বলেন, স্বাস্থ্য বিভাগের কাছ থেকে তিনি জায়গা বুঝে নিয়ে ভবন নির্মাণের কাজ শেষ করেছেন। পরে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভবনের মালিক দাবি করলে গত ১৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ভবন হস্তান্তর ও উদ্বোধন করা হয়।
উপজেলা সস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকুল উদ্দিন বলেন, ভবনটি স্বাস্থ্য বিভাগের। তাঁর কাছ থেকে ঠিকাদার জমি বুঝে নিয়েছিলেন। তিনি বিষয়টি সমাধানের জন্য প্রতি মাসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের চিঠির মাধ্যমে জানাচ্ছেন। কিন্তু সমাধান হচ্ছে না।
ভবনটি উদ্বোধনের সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন আবুল বাসার মো. আবদুল মুত্তালিব। তিন তিনি বলেন, ভবন ও জায়গাটি পরিবার পরিকল্পনা বিভাগের। তিনিই নিয়মিত জমির খাজনা পরিশোধ করতেন। সে জন্য তিনিই ঊর্ধ্বতন কর্তাদের নির্দেশনায় ভবনটি গ্রহণ করে উদ্বোধনের ব্যবস্থা করেছিলেন।