মহাসড়কে যাত্রীদের পাল্টাপাল্টি হামলা, একটি বাস ও দুটি মাইক্রোবাস ভাঙচুর

ভাঙচুর করা হয় বাসটির জানালার কাচছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়কে একটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছিল একটি মাইক্রোবাস। অন্য একটি গাড়িকে পাশ দিয়ে যাওয়ার জায়গা দিতে গিয়ে হঠাৎ বাসটি সামনে চলে আসায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে মাইক্রোবাসটির। এ ঘটনার জেরে ওই মাইক্রোবাসে থাকা যাত্রীরা লাঠিসোঁটা নিয়ে বাসটিতে ভাঙচুর চালান। সঙ্গে যোগ দেন আরও একটি মাইক্রোবাসের যাত্রীরা। এর প্রতিবাদে বাসের যাত্রীরাও গাড়ি থেকে নেমে ভাঙচুর করেছেন মাইক্রোবাস দুটি।

আজ শুক্রবার সকাল সাতটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘটেছে এমন ঘটনা। ভাঙচুরের সময় স্থানীয় বাসিন্দারা এসে উভয় পক্ষকে শান্ত করেন। পরে পুলিশ এসে এ ঘটনায় বাস ও একটি মাইক্রোবাস জব্দ করে, তবে অন্য মাইক্রোবাসটি পালিয়ে যায়।

সকালে সীতাকুণ্ডের সুলতানা মন্দির এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে গিয়ে দেখা যায়, ভাঙচুর হওয়া শ্যামলী পরিবহনের একটি বাস ও একটি কালো রঙের মাইক্রোবাস সড়কে দাঁড়িয়ে রয়েছে। বাসের যাত্রীদের মধ্যে কয়েকজন নারী-শিশুকে কাঁদতে দেখা যায়। দুই পক্ষের পুরুষ যাত্রীরা হাতে লাঠিসোঁটা নিয়ে তর্ক করছিলেন।

বাসের এক যাত্রী নিজেকে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বলেন, তিনি বগুড়া থেকে কক্সবাজারের রামুতে নিজের কর্মস্থলে ফিরছিলেন। প্রতিযোগিতা করে গাড়ি চালাতে গিয়ে সকাল সাড়ে ছয়টার দিকে মাইক্রোবাসটির সঙ্গে বাসের কিছুটা ঝামেলা হয়। এ সময় মাইক্রোবাসে থাকা তরুণদের কাছে ক্ষমা চান বাসের চালক। এরপরও কিছুদূর অতিক্রম করার পর ওই তরুণেরা দ্বিতীয় দফায় বাসটি আটকে জানালার কাচ ভাঙচুর করেন। পরে বাসের কিছু যাত্রী নেমে প্রতিবাদ করেছেন।

মাইক্রোবাসটির সামনের কাচ ভাঙচুর করা হয়েছে
ছবি: প্রথম আলো

বাসের আরও এক যাত্রী সুমনা বেগম প্রথম আলোকে বলেন, তিনি তাঁর পাঁচ বছরের মেয়েকে নিয়ে রংপুর থেকে কক্সবাজার যাচ্ছিলেন। তাঁর মেয়েটি তখন কোলে ঘুমাচ্ছিল। এ সময় দুটি মাইক্রোবাস থেকে কিছু তরুণ নেমে বাসের জানালায় লাঠি দিয়ে আঘাত করতে থাকেন। এতে তাঁরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। তিনি বলেন, বাসের চালক অন্যায় করলে পুলিশের হাতে তুলে দিত। যাত্রীদের কেন বিপদে ফেললেন তাঁরা।

কালো মাইক্রোবাসে থাকা এক তরুণ প্রথম আলোকে বলেন, তাঁরা বাস ভাঙচুর করেননি। সাদা রঙের যে মাইক্রোবাস পালিয়ে গেছে, মূলত গন্ডগোল তাদের সঙ্গে। সেখানে থাকা যাত্রীরা বাসটি ভাঙচুর করেছেন।

স্থানীয় বাসিন্দা ইদ্রিস মিয়া প্রথম আলোকে বলেন, তাঁরা চায়ের দোকান থেকে দেখছিলেন কিছু তরুণ বাস ভাঙচুর করছেন। তখন বাসের ভেতর থেকে শিশু ও নারীরা চিৎকার করছিলেন। শুরুতেই তাঁরা গিয়ে হামলাকারীদের থামানোর চেষ্টা করছেন। কিন্তু বেপরোয়া তরুণেরা স্থানীয়দেরও মারধর করার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন একত্র হয়ে একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশের হাতে তুলে দেন।

জানতে চাইলে ঘটনাস্থলে থাকা বার আউলিয়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, ওভারটেক করা নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। দুটি গাড়ির যাত্রীরা পাল্টাপাল্টি ভাঙচুর চালিয়েছেন। তাঁরা যদি বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করতে না পারেন, তাহলে গাড়ি দুটিকে হাইওয়ে থানায় নিয়ে গিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।