বগুড়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে পিকআপের চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর পৌনে চারটায় ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপ ভ্যানের চালকের নাম পিন্টু পাহান (২০)। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর থানার এনায়েতপুর গ্রামের পাতানু পাহানের ছেলে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আজ সকালে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী স্থানীয় দুজন রিকশাচালক বলেন, পিকআপ ভ্যানটি আমের খালি খাঁচা নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান আসে। শেরপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরই কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যান। পিকআপ ভ্যানের চালক গাড়ির মধ্যে আটকা পড়েন।

শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাদির হোসেন প্রথম আলোকে বলেন, মুখোমুখি এই সংঘর্ষের কারণে পিকআপ ভ্যানের চালক তাঁর আসনে আটকা পড়ে যান। পরে তাঁরা গাড়ির কিছু অংশ কেটে তাঁকে মৃত অবস্থায় বের করেন। পরে নিহতের লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শেরপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক আবদুল ওয়াদুদ বলেন, উভয় চালক গাড়ি বেপরোয়াভাবে চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি তাঁদের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।