খুলনায় ধর্ষণ ও হত্যা মামলার আসামির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

খুলনায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার মামলার রায় ঘোষণা করা হয়েছে। মামলার রায়ে একটি ধারায় আসামি প্রীতম কুমার রুদ্রকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর একটি ধারায় লাশ গুমের চেষ্টার অপরাধে পাঁচ বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মতিউর রহমান এ রায় দেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি প্রীতম কুমার আদালতে উপস্থিত ছিলেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন মো. আহাদুজ্জামান। তিনি বলেন, দুটি ধারার রায় একই সঙ্গে কার্যকর হবে। মামলার আসামি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি নিজ হাতে মেয়েটিকে ধর্ষণ করার পর শ্বাসরোধ করে হত্যা করেছেন। সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার পরও আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। তিনি মনে করেন, আসামির মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল। বাদীপক্ষ উচ্চ আদালতে গেলে আসামির মৃত্যুদণ্ডের রায় হতে পারে।

এদিকে রায়ে সন্তুষ্ট নন মামলার বাদী নিহত মেয়েটির বাবা। তিনি জানিয়েছেন, তাঁর মেয়ে হত্যার সঠিক বিচার পাননি তিনি। সঠিক বিচারের জন্য উচ্চ আদালতে যাবেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ২২ জানুয়ারি দুপুর ১২টার দিকে দৌলতপুর থানা এলাকা থেকে মেয়েটি হারিয়ে যায়। অনেক খুঁজেও না পেয়ে মেয়েটির বাবা দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ প্রীতম কুমারকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেন প্রীতম। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন তিনি। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী, পরে মেয়েটির লাশ উদ্ধার করে পুলিশ।

জবানবন্দিতে প্রীতম বলেছিলেন, থানা এলাকায় মেয়েটি খেলা করার সময় কম্বল দেওয়ার কথা বলে একটি ভবনের ছাদে নিয়ে যান। এরপর চিলেকোঠা ঘরের সামনে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে চিৎকার দিয়ে ওঠে মেয়েটি। তখন ধাক্কা দিয়ে ফেলে দিলে দেয়ালের সঙ্গে আঘাত লেগে মেয়েটি অচেতন হয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে ছাদে কাপড় শুকানো দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। লাশটি গুম করার জন্য বস্তার মধ্যে ভরে নির্মাণাধীন ঘরের এক কোনায় লুকিয়ে রাখেন।

আদালতের আইনজীবী আসাদুজ্জামান বলেন, গত বছরের নভেম্বরে মামলাটি বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। মামলায় মোট ২২ জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে রায় ঘোষণা করেছেন বিচারক।