গাজীপুরে জামায়াতের প্রার্থীর পক্ষে টাকা বিতরণ, ইবনে সিনার কর্মীর ২ বছর কারাদণ্ড

প্রতীকী ছবি
ফ্রিপিক

গাজীপুরের কালিয়াকৈরে জামায়াতের প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় আটক এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন নির্বাচনকালীন সংক্ষিপ্ত বিচারিক আদালত। আজ বৃহস্পতিবার গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত শামিমুল ইসলাম (৩৫) কুড়িগ্রাম সদর উপজেলার মজিবুর রহমানের ছেলে। তিনি কুড়িগ্রামের ভোটার। কালিয়াকৈর উপজেলার সফিপুর ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানায় চাকরি করেন তিনি।

উপজেলা প্রশাসন ও নির্বাচনকালীন আদালত সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় ভোটারদের মধ্যে টাকা বিতরণ করেন শামিমুল ইসলাম। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। তাঁর কাছ থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ বৃহস্পতিবার নির্বাচনকালীন সংক্ষিপ্ত বিচারিক আদালত পরিচালনা করা হয়। এ সময় ওই ব্যক্তি তাঁর দোষ স্বীকার করায় আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।