সিলেট নগরে হেঁটে যাচ্ছিলেন নারী, পথ রোধ করে ছিনতাইয়ের চেষ্টা
সিলেট নগরে সম্প্রতি সিএনজিচালিত অটোরিকশা থেকে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ছিনতাই–চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার ছড়িয়ে পড়া ওই ভিডিও ঘিরে নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে পুলিশ বলছে, ওই ঘটনায় ছিনতাইকারীরা কিছু নিতে পারেনি। ভিডিওতেও দেখা যায়নি দুর্বৃত্তরা কোনো কিছু ছিনিয়ে নিয়েছে কি না।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিরিবিলি একটি সড়ক দিয়ে এক নারী হেঁটে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তাঁর গতি রোধ করেন। তাঁদের একজনের হাতে ছিল ধারালো অস্ত্র, যা দিয়ে ওই নারীকে ভয় দেখানো হয়। অন্যজন তাঁর সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এ সময় বাধা দিলে ধারালো অস্ত্রধারী ব্যক্তি অস্ত্রের উল্টো দিক দিয়ে ওই নারীকে কয়েকবার আঘাত করেন। একপর্যায়ে আশপাশে লোকজনের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে দ্রুত এলাকা ত্যাগ করেন। তবে ভিডিওতে ওই নারীর কাছ থেকে কিছু ছিনিয়ে নিতে দেখা যায়নি। তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরও স্পষ্ট নয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভিডিওটি সিলেট নগরের সাগরদিঘীর পাড় এলাকার। ঘটনার শিকার নারী একজন বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী। তিনি সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। সকাল সাড়ে আটটার দিকে সাগরদিঘীর পাড় থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে বের হলে পথে এ ঘটনা ঘটে। তবে পরিবারের সদস্যরা এ ঘটনায় লিখিত অভিযোগ করতে চাননি।
সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মাঈনুল জাকির প্রথম আলোকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে ভুক্তভোগী নারীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওই নারী ও তাঁর পরিবার কোনো কিছু ছিনতাই না হওয়ায় অভিযোগ করতে চাননি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে।
ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। তাঁদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সিলেটের হাউজিং এস্টেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে এক নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন ছিনতাইকারী অংশ নেন। তাঁরা অটোরিকশায় থাকা নারীর ব্যাগ ছিনিয়ে নিয়ে যান।