ইভিএমে অনুষ্ঠিত নির্বাচনের ফল বাতিল চেয়ে মামলার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে নির্বাচনে ব্যবহৃত ইভিএম মেশিন
ফাইল ছবি: প্রথম আলো

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হওয়া ইউপি নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচন চেয়ে মামলার আবেদন করেছেন নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলা যুবলীগের সদস্য। আজ বুধবার প্রথম সিনিয়র সহকারী জজ, চট্টগ্রাম ইসরাত জাহানের আদালতে আবেদনটি করেন তিনি।

গত ১৫ জুন অনুষ্ঠিত হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন বাদী নাসির উদ্দিন।

মামলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, চট্টগ্রাম জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রাম, জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রাম, হাটহাজারী উপজেলা নির্বাচন কর্মকর্তা, ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা, আওয়ামী লীগের মনোনীত বিজয়ী প্রার্থী শওকত আলম, নির্বাচনে অংশ নেওয়া দুই প্রার্থী মুজিবুল আলম চৌধুরী ও সেলিম উদ্দিন এবং মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ ১১টি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারসহ ২৩ জনকে বিবাদী রাখা হয়।

বাদীর আইনজীবী হাসান আলী চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালত আবেদনটি নিয়ে এ বিষয়ে কোনো আদেশ দেননি।

মামলার আরজিতে বলা হয়, রিটার্নিং অফিসার প্রদত্ত বেসরকারি ফলাফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুজিবুল আলম চৌধুরী সাইকেল প্রতীকে ১ হাজার ৯৭৬ ভোট, সেলিম উদ্দিন ঘোড়া প্রতীকে ৩৯৫ ভোট, নাসির উদ্দিন আনারস প্রতীকে ৫ হাজার ৬৬৯ ভোট এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শওকত আলম ৬ হাজার ১৯৮ ভোট পেয়েছেন বলে প্রদর্শন করা হয়। ফলাফলের কপিতে ৫ নম্বর ভোটকেন্দ্রে ভোট গণনা শুরু ও শেষ হওয়ার সময় দেখানো হয়েছে ৪ ঘটিকা। একইভাবে ১১ নম্বর ভোটকেন্দ্রে আরম্ভ ও গণনা শেষ দেখানো হয় ৪ ঘটিকা। ফলাফলে ৫ নম্বর ভোটকেন্দ্রে মোট ভোটার দেখানো হয় ২ হাজার ৪৯৫ জন। উপস্থিত ভোটার ১ হাজার ১৩৮ এবং অনুপস্থিত ভোটার ১ হাজার ৩৫৬ জন। উপস্থিত ও অনুপস্থিত ভোটারের সংখ্যা মোট ভোটারের যোগফলের সঙ্গে অমিল। এ ছাড়া ইভিএমে ভুল তথ্য দেওয়া হয়েছে।

জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আনোয়ার খালেদ প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে আদালতে আবেদন করা হয়েছে। তাই কোনো মন্তব্য করা যাবে না।

মামলার বাদী নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, বিবাদীরা যোগসাজশে তাঁকে কারসাজির মাধ্যমে পরাজিত করেছেন। ভোটারদের উপস্থিতি ছিল তাঁর পক্ষে।

পুনর্নির্বাচন ও পুনর্নিরীক্ষণের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও তাঁরা তা করেননি। উল্টো গত ৭ জুলাই নির্বাচনের ফলাফলের গেজেট ঘোষণা করে। তাই পুনর্নির্বাচন ও পুনর্নিরীক্ষণ চেয়ে আদালতে মামলার আবেদন করেছেন। একই সঙ্গে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বাতিল চান তিনি।