ময়মনসিংহে দুর্ঘটনায় দুজনের মৃত্যুর পর গতিরোধক নির্মাণের দাবিতে সড়ক অবরোধ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গতিরোধকের দাবিতে সড়ক অবরোধ। আজ দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাইজবাগ এলাকায়ছবি: প্রথম আলো

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গতিরোধক নির্মাণের দাবিতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার পর আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের মাইজবাগ বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

এ সময় গাছের গুঁড়ি ফেলে প্রায় ৩০ মিনিট আঞ্চলিক মহাসড়কটি অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

স্থানীয় বাসিন্দা ইয়াছিন আহমেদ বলেন, মাইজবাগ বাজার থেকে বৈরাটি গোরস্তান–সংলগ্ন ধীতপুর সড়কের মোড় পর্যন্ত এলাকাটিতে প্রায়ই সড়ক দুর্ঘটনা হয়। সর্বশেষ গতকাল বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশার ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তাই সড়কটিতে দ্রুত গতিরোধক নির্মাণ প্রয়োজন।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ওই এলাকায় দ্রুত গতিরোধক নির্মাণের ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে স্থানীয় ব্যক্তিদের লিখিত আবেদন দিতে বলা হয়েছে। আন্দোলনকারীরা আশ্বাস পাওয়ার পর সড়ক থেকে সরে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।