বিদ্যুতের অভাবে চালু হয়নি

বিদ্যুতের নতুন সংযোগ নিয়ে পৌরসভা ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) মধ্যে মতবিরোধ দেখা দেওয়ায় এটি চালু হচ্ছে না।

হবিগঞ্জের শ্মশানঘাট এলাকায় অবস্থিত পৌর পানি সরবরাহ কেন্দ্র। গতকাল তোলাপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরে প্রায় ৯ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে পৌর পানি সরবরাহ প্রকল্পের কাজ শেষ হয়েছে গত ৩০ জুন। কিন্তু বিদ্যুৎ–সংযোগের অভাবে প্রকল্পটির কার্যক্রম শুরু করতে পারছে না পৌরসভা। বিদ্যুতের নতুন সংযোগ নিয়ে পৌরসভা ও বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে মতবিরোধ দেখা দেওয়ায় এটি চালু হচ্ছে না।

হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান বলেন, বিপিডিবির গাফিলতি ও দায়িত্বহীনতার কারণে বিদ্যুৎ–সংযোগ পেতে বিলম্ব হচ্ছে। যে কারণে এ প্রকল্পটি চালু করতে পারছেন না। এতে নাগরিকেরা সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছেন।

হবিগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, ৩৭টি জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় হবিগঞ্জ শহরের শ্মশানঘাট এলাকায় ২০১৫ সালে ১৫ জুন থেকে ৯ কোটি ২৯ লাখ ১৯ হাজার টাকা ব্যয়ে পানি সরবরাহ কেন্দ্র (লৌহ দূরীকরণ প্রকল্প) কাজ শুরু করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এটি হবিগঞ্জ পৌরসভার দ্বিতীয় পানি সরবরাহ প্রকল্প। এর নির্মাণকাজ শেষ হয় গত ৩০ জুন। এতে ঘণ্টায় ৩৫০ ঘনফুট পানি পরিশোধন ক্ষমতার রয়েছে।

হবিগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি ও পয়ঃনিষ্কাশন) আবদুল কুদ্দুস জানান, এ প্রকল্পটির বাস্তবায়ন হলে হবিগঞ্জ পৌরসভার ৬০ ভাগ এলাকার বাসিন্দারা লৌহ দূরীকরণ প্রকল্পের আওতায় আসবেন। এটি তাঁদের দ্বিতীয় পানি সরবরাহ কেন্দ্র। বর্তমানে শহরের কালীবাড়ি এলাকায় অবস্থিত প্রথম লৌহ দূরীকরণ প্রকল্প ও শহরের বেবিস্ট্যান্ড এলাকায় অবস্থিত অপর লৌহ দূরীকরণ প্রকল্পের মাধ্যমে বর্তমানে শহরের ৫০ ভাগ এলাকায় পানি সরবরাহ করা হচ্ছে। নতুন প্রকল্পটি চালু হলে আরও ১০ থেকে ১৫ ভাগ এলাকা এর আওতায় আসবে।

এদিকে এ প্রকল্পের কাজ শেষ হলেও, এ পানি সরবরাহ নতুন প্রকল্পের বিদ্যুৎ–সংযোগ নিয়ে সমস্যা তৈরি হয়েছে। হবিগঞ্জ পৌরসভা চায় পোস্টপেইড পদ্ধতিতে বিদ্যুত বিল পরিশোধ করতে। কিন্তু বিদ্যুত উন্নয়ন বোর্ড (বিপিডিবি) চায় প্রিপেইড মিটারে এ নতুন বিদ্যুৎ–সংযোগ দিতে। এ নিয়ে দুটি প্রতিষ্ঠানের দ্বিমতের কারণে গত ছয় মাস ধরে বিদ্যুৎ–সংযোগ স্থাপিত না হওয়ার কারণে এ নতুন প্রকল্পের মাধ্যমে শহরে পানি সরবরাহ করা যাচ্ছে না।

মেয়র আতাউর রহমান বলেন, পৌরসভা রাষ্ট্রের প্রতিষ্ঠান। আমরা পোস্টপেইড পদ্ধতিতে বিল পরিশোধ করব। কিন্তু বিপিডিবি এতে রাজি নয়। এ প্রতিষ্ঠানের গাফিলতি ও দায়িত্বহীনতার কারণে এ প্রকল্পটি চালু করা যাচ্ছে না বলে মেয়র দাবি করেন।

এ বিষয়ে বিপিডিবির হবিগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল্লাহ আল মামুন সরকার প্রথম আলোকে বলেন, ‘আমরা বিপিডিবির নীতিমালা অনুযায়ী, বিদ্যুৎ–সংযোগ দিতে প্রস্তুত আছি।’