পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে রাত আটটার পর মাইক ব্যবহার করে নির্বাচনী পথসভা করায় ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলমের প্রতিনিধিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সারজিস আলমের প্রতিনিধি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পঞ্চগড় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানকে জরিমানা করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়েছে। এ সময় সারজিস আলমসহ দলীয় নেতা–কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রাত আটটার পর মাইক ব্যবহার করে নির্বাচনী পথসভা চলছিল—এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী ধারা ১৭(২) লঙ্ঘনের দায়ে ওই জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে নির্ধারিত সময়ের মধ্যে মাইক ব্যবহার করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ জানান, রাত আটটার পর মাইক ব্যবহার করে সভা করায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে। তাই ওই প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা করা হয়েছে।