বিআরটি প্রকল্পের ভোগান্তি নিরসনের দাবিতে গাজীপুরে মানববন্ধন, মহাসড়ক অবরোধ

অসমাপ্ত বিআরটি প্রকল্পের কারণে ভোগান্তির অবসান এবং নিরাপদ সড়ক পারাপারের দাবিতে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছেছবি : প্রথম আলো

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অসমাপ্ত বিআরটি (বাস র‌্যাপিড ট্রানজিট) প্রকল্পের কারণে দীর্ঘদিনের ভোগান্তির অবসান এবং নিরাপদ সড়ক পারাপারের দাবিতে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টার দিকে গাজীপুর নগরের বোর্ড বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি শুরু হয়। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা অল্প সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।

বিক্ষোভকারীরা দ্রুততম সময়ের মধ্যে বিআরটি প্রকল্পের কাজ সমাপ্ত এবং বোর্ড বাজার এলাকায় নিরাপদ যাতায়াতে ওভারব্রিজ বা আন্ডারপাস নির্মাণের দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান। তিনি বলেন, বিআরটি প্রকল্পের দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে বোর্ড বাজার এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন। প্রকল্পের কাজ দ্রুত শেষ করে নিরাপদ পারাপারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর, সাবেক দপ্তর সম্পাদক আবদুর রহিম খান (কালা), কৃষক দলের কেন্দ্রীয় নেতা হারুন অর রশিদ খান, বিএনপি নেতা হাজি আবুল কাশেম, ইঞ্জিনিয়ার আজহার খন্দকার, নজরুল ইসলাম মোড়ল প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের আমলে অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে বিআরটি প্রকল্পটি বারবার পিছিয়ে পড়েছে। একাধিকবার মেয়াদ বাড়ানো হলেও কাজ শেষ হয়নি। সরকার পরিবর্তনের পর প্রকল্পটি কার্যত স্থবির হয়ে পড়েছে।