দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা, ভিডিও বার্তায় শুভেচ্ছা নেইমারের বন্ধু রবিন মিয়ার
পরনে হলুদ–নেভি ব্লু রঙের জার্সি। গলায় হলুদ–সবুজ পতাকা। একই রঙের নানা আকৃতির পতাকা হাতে উল্লাস করছেন কেউ কেউ। বাজছে ভুভুজেলা। সেই সঙ্গে বাজছে বাঁশি–ঢোল। ফুটবলে ব্রাজিলের সমর্থনে চলছে ভক্তদের মুহুর্মুহু স্লোগান। পিচঢালা সড়ক যেন মুহূর্তেই হয়ে উঠল খেলার মাঠ। এমন সময় শুরু হলো ঝিরঝির বৃষ্টি। আর এতেই ব্রাজিলের ভক্তদের উল্লাস যেন কয়েক গুণ বেড়ে গেল।
এ দৃশ্য আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর শহরের ঐতিহাসিক গোর–এ–শহীদ বড় মাঠসংলগ্ন সড়কে। সকাল ১০টা থেকেই দিনাজপুরসহ আশপাশের উপজেলা থেকে জড়ো হতে থাকেন ব্রাজিলের ভক্ত ও সমর্থকেরা। নারী–পুরুষ, শিশু–কিশোর, তরুণ–যুবক, এমনকি বৃদ্ধেরাও এসেছেন আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে।
আয়োজকেরা জানান, ফুটবলে ব্রাজিল দলের তারকা নেইমারের বন্ধু বাংলাদেশি রবিন মিয়ার (৩৫) আহ্বানে দিনাজপুরে এ আয়োজন করা হয়েছে। দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের এই আনন্দ–উল্লাসের খণ্ডচিত্র নেইমারের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার কথা রয়েছে। রবিন মিয়ার বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গাজীর টেক গ্রামে। তিনি ব্রাজিলের সাও পাওলোর মোগি দাস ক্রুজেস এলাকায় থাকেন। তিনি সেখানে কৃষিকাজের পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত আছেন।
আয়োজকেরা আরও জানান, দিনাজপুরে ‘ব্রাজিল সমর্থক গোষ্ঠী’ নামের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক জেলা ছাত্রদলের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) রুবেল ইসলাম। এ ছাড়া কমিটিতে রয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুজার সেতু ও ব্রাজিল সমর্থক গোষ্ঠী কমিটির সংগঠক বাদশা আল কাওসার।
দুপুর ১২টায় গোর–এ–শহীদ বড় মাঠসংলগ্ন সড়কে শোভাযাত্রা শুরু হয়। কেউ মোটরসাইকেলে, কেউ ইজিবাইকে, আবার কেউ কেউ পিকআপ ভ্যানেও উঠেছেন। ভুভুজেলার শব্দ, করতালি ও স্লোগানে প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৃষ্টিতে ভিজে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের হেমায়েত আলী হলের সামনে শোভাযাত্রাটি শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নিতে দিনাজপুরের খানসামা উপজেলা থেকে এসেছেন রাসেল রানা (৪০)। তিনি বলেন, ‘যখন থেকে খেলা দেখার বয়স হয়েছে, তখন থেকেই ব্রাজিলকে সমর্থন করি। গতকাল বুধবার শুনেছি, ব্রাজিল সমর্থকেরা একটি র্যালি বের করবেন। সকাল সাড়ে ৯টায় এখানে হাজির হয়েছি। ভীষণ ভালো লাগছে। শুনলাম, প্রিয় তারকা খেলোয়াড় নেইমার ভাই তাঁর ফেসবুকে আমাদের র্যালির ছবি পোস্ট করবেন। এ জন্য এত বড় একটা আয়োজনের সাক্ষী হতে এসেছি।’
দুই মেয়েকে নিয়ে শোভাযাত্রায় এসেছেন দিনাজপুর শহরের মাইনুল ইসলাম। তিনি বলেন, ‘বড় মেয়ে আমার মতোই ব্রাজিলের সমর্থক। ছোট মেয়ে ওর মায়ের দলে। দুজনকে সঙ্গে নিয়েই এখানে এসেছি। খুবই ভালো লাগছে। অল্প একটু সময় বৃষ্টিতে ভিজে আনন্দ করলাম। আমার বিশ্বাস, ব্রাজিল এবার খুব ভালো খেলবে।’
ব্রাজিল সমর্থক গোষ্ঠী কমিটির আহ্বায়ক রুবেল ইসলাম বলেন, ‘প্রিয় খেলোয়াড় নেইমারের বন্ধু রবিন মিয়ার সঙ্গে আমাদের ব্যক্তিগত যোগাযোগ আছে। কয়েক দিন আগে তাঁর সঙ্গে আলাপকালে আমরা দিনাজপুরে এ ধরনের একটি আয়োজন করার কথা জানাই। ৮ জুন রবিন মিয়া ফেসবুকে এক ভিডিও বার্তায় আমাদের আয়োজনকে সমর্থন করে একটি ভিডিও বার্তা দেন। পরে আমাদের কমিটির সদস্য বাদশা আল কাওসারসহ অন্যরা আয়োজনটি সার্থক করতে কাজ শুরু করেন।’
ভিডিও বার্তায় রবিন মিয়া বলেন, ‘ব্রাজিল সমর্থক দিনাজপুরবাসী, আপনাদের জন্য থাকল মনভরা ভালোবাসা। আপনাদের ১১ তারিখের র্যালি শুভ ও সুন্দর হোক। আশা করব, অপ্রত্যাশিত কোনো কিছু যেন না হয়। সবাইকে একসঙ্গে নিয়ে ব্রাজিলের খেলা দেখবেন। বিশ্বকাপটা আপনাদের সবার জন্য সুন্দর ও মঙ্গল বয়ে নিয়ে আসুক।’