রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা, ইউএনও দুষলেন কেন্দ্রসচিবকে
রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি পরীক্ষাকেন্দ্রে বিদ্যুৎ না থাকার কারণে মোমবাতির আলোয় পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, মিঠাপুকুরের পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা চলছে। আজ রোববার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ছিল। পরীক্ষাকেন্দ্রের ১৭টি কক্ষে ৮৫৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সকাল থেকে পরীক্ষাকেন্দ্রটিতে বিদ্যুৎ ছিল না। মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয় শিক্ষার্থীদের। ফলে ভোগান্তিতে পড়ে তারা।
এ বিষয়ে কেন্দ্রটির সচিব ও পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহেদুল আলম বলেন, ‘পরীক্ষায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকার কথা বলা হয়েছিল। বিদ্যুৎ অফিসে বারবার জানানোর পরেও সমাধান হয়নি। এর পরেই ঝড়বৃষ্টি শুরু হলে বড় মোমবাতি দিয়ে পরীক্ষা নেওয়া হয়।’
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফ উদ্দিন খান বলেন, ‘ওই কেন্দ্র আমাদের বলদিপুকুর সাবস্টেশনের আওতাধীন রংপুর গ্রিডের লাইনের সঙ্গে যুক্ত। রংপুর গ্রিডের লাইনটি পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই কেন্দ্রে বিদ্যুৎ–সংযোগ দেওয়া সম্ভব হয়নি। আমরা শঠিবাড়ী গ্রিড থেকে বিকল্প লাইনে বিদ্যুৎ–সংযোগ দেওয়ার চেষ্টা করছি।’
মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ বলেন, ‘এখানে কেন্দ্রসচিবের একটি ভুল ছিল। কেন্দ্রসচিব আমাকে জানাননি। যখন জানিয়েছে আমি সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলেছি।’ বিদ্যুৎ না থাকলে আগেভাগে বিকল্প ব্যবস্থা করা যেত কি না, জানতে চাইলে ইউএনও প্রথম আলোকে বলেন, ‘এখন আমরা বলে রাখছি, প্রতিটি কেন্দ্রে কিছু এলইডি লাইট আছে যেগুলো বিদ্যুৎ চলে যাওয়ার পরেও কিছুক্ষণ সার্ভিস দেয়। এ ছাড়া মোমবাতি, চার্জার লাইট—যে ব্যবস্থা করতে পারি, সেই ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করছি।’