ফরিদপুরে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

লাশপ্রতীকী ছবি

ফরিদপুরের নগরকান্দায় রেললাইন থেকে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ী গ্রামসংলগ্ন রেল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম খৈয়ার ইউনুস মাতুব্বর (৬০)। তিনি নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ী গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী জানায়, ইউনুস মাতুব্বরের একটি ছাগল ছুটে গিয়ে রেললাইনের ওপর উঠে যায়। তখন রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতী এক্সপ্রেস ট্রেন আসছিল। ওই সময় ট্রেন দেখে তিনি ছাগলটিকে বাঁচানোর চেষ্টা করেন। এ সময় ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।

রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।