আখাউড়ায় সীমান্তরেখা থেকে ছুরিকাহত তরুণ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা থেকে ছুরিকাহত পাপন (২৭) নামের এক তরুণকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর সীমান্ত এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া তরুণ পাপন উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের নুরুল হকের ছেলে। তাঁর বাঁ হাতে, কপালে ও নাকে ছুরিকাঘাতে চিহ্ন রয়েছে।
এলাকাবাসী, পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, আজ সকালে আজমপুর বিজিবি ক্যাম্পের একটি টহল দল সীমান্তে টহল দেওয়ার সময় এক তরুণকে অচেতন অবস্থায় দুই দেশের সীমান্তের শূন্যরেখায় পড়ে থাকতে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে সরাইল ২৫ বিজিবির অধিনায়ক কর্নেল সৈয়দ আরমান আরিফ, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ঘটনাস্থলে যান। পরে বিজিবি ও পুলিশ ছুরিকাহত তরুণকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
সৈয়দ আরমান আরিফ বলেন, কীভাবে এ ঘটনা ঘটল। কারা তাঁকে মারধর করেছে, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই তরুণকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, তখন তাঁর শ্বাস চলছিল। সেখানেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ওই তরুণ বর্তমানে সেখানে চিকিৎসাধীন। কীভাবে এমন হয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি।