স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
পারিবারিক বিরোধের জেরে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক। গতকাল শনিবার রাতে উপজেলার বালিয়াখোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম ঊর্মি আক্তার (২২)। তিনি উপজেলার বালিয়াখোড়া গ্রামের সজীব মিয়ার (৩০) স্ত্রী।
ঘিওর থানার পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে পারিবারিক বিরোধের একপর্যায়ে স্ত্রী ঊর্মিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন সজীব। এ সময় ঊর্মির আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। প্রতিবেশীদের সামনেই নিজের গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সজীব।
পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ঊর্মিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সজীব মিয়া বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পরে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। তাঁর স্বামী একই হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।