ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ ঘণ্টার যানজটে চরম ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড এলাকায় আট ঘণ্টাব্যাপী তীব্র যানজট তৈরি হয়। ছবি গতকাল রাত সোয়া ১১টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের ১২ কিলোমিটার দূরে কুমিরা ইউনিয়নের উত্তর মসজিদের গ্রাম এলাকায় তোলা
ছবি: প্রথম আলো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডের ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট। আট ঘণ্টার যানজটে দুর্ভোগে পড়েছেন তীর্থযাত্রীসহ মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। গতকাল রোববার সন্ধ্যা থেকে সীতাকুণ্ড পৌর সদর এলাকার মহাসড়কের ঢাকামুখী লেনটিতে যানচলাচল একরকম স্থবির হয়ে পড়ে। পরে দিবাগত রাত দুইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরের পর থেকে সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে আসা পুণ্যার্থীরা মহাসড়কের ওপর দিয়ে পারাপার হচ্ছিলেন। এত পুণ্যার্থী এবার এসেছেন যে তাঁদের নিয়ন্ত্রণ করে সড়কের নিচে আন্ডারপাস দিয়ে পাঠানো সম্ভব হয়নি। ফলে গাড়ি থামিয়ে পারাপার হতে গিয়ে যানজট লেগে যায়। তখন কিছু সময় পরপর গাড়ি ছাড়া হয়েছিল। সন্ধ্যার দিকে বন্দর থেকে আসা গাড়ির চাপে মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। কুমিরা হাইওয়ে পুলিশ ও বার আউলিয়া হাইওয়ে পুলিশ একত্রে কাজ করেও যানজট নিয়ন্ত্রণে আনতে পারেননি।

চট্টগ্রাম নগরের সদরঘাট থেকে কুমিরা ইউনিয়নের জিপিএইচ ইস্পাত কারখানায় কর্মস্থলে আসছিলেন বিদুর দাস নামের এক চাকরিজীবী। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অফিসের গাড়িতে করেই কর্মস্থলে যাচ্ছিলেন। রাত নয়টায় পৌঁছার কথা। কিন্তু সোয়া আটটার দিকে উপজেলার বার আউলিয়া এলাকায় যানজটের কবলে পড়েন তিনি। যানজট এলাকা থেকে তাঁর কর্মস্থল পর্যন্ত দীর্ঘ ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে কখনো গাড়ি থেমেছিল আবার কখনো ধীরে ধীরে চলছে।

কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন সীতাকুণ্ড শিবচতুর্দশী মেলা কমিটির সাংস্কৃতিক সম্পাদক স্বপন কুমার নাথ। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভাটিয়ারি থেকে গাড়িতে ওঠেন তিনি। পাক্কা মসজিদ এলাকায় এসে যানজটের কবলে পড়েন। ২০ কিলোমিটার পথ পাড়ি দিতে চার ঘণ্টা লেগেছে তাঁর।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, রোববার সকাল থেকেই পুলিশ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছিল, যেন মহাসড়কে গাড়ির চলাচল না থামে। কিন্তু দুপুরের দিকে পুণ্যার্থীদের এত চাপ বেড়ে যায় যে তাঁরা অনিয়ন্ত্রিতভাবে মহাসড়কের ওপর দিয়ে পারাপার হচ্ছিলেন। বিকেলের দিকে অতিমাত্রায় বন্দরের গাড়ির চাপে যানজট দীর্ঘ হয়। রাত দুইটার পর মহাসড়ক পুরোপুরি সচল হয়।