কুমিল্লা বার্ডের নতুন গাছে ‘রুটি ফল’
কুমিল্লার কোটবাড়ীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ক্যাম্পাসে পাঁচ বছরের ব্যবধানে নতুন একটি রুটিফলগাছে ফল ধরেছে। বার্ডের মহাপরিচালকের দপ্তরের উত্তর পাশের একটি গাছে রুটিফল ধরেছে। এ ফল দেখতে অনেকটা কাঁঠালের মতো। স্বাদ মিষ্টি আলু ও কলার মতো ক্ষেত্রবিশেষে। সবুজ ঘন পাতার কারণে এ গাছ দেখতেও বেশ চমৎকার। পাতার অগ্রভাগে শোভা পাচ্ছে ফল।
বার্ড সূত্র জানায়, ১৯৮৪ সালে বার্ড ক্যাম্পাসের ডাকঘর এলাকায় প্রথম রুটিফলগাছ লাগানো হয়। এরপর ৩৩ বছর ধরে গাছটি সেখানে ছিল। প্রতিবছর আগস্ট-সেপ্টেম্বরে সেখান থেকে রুটিফল সংগ্রহ করা হতো। ২০১৭ সালে হঠাৎ ঝড়ে গাছটি উপড়ে যায়। এরপর ওই এলাকায় দুটি গাছ জন্মায়। কিন্তু তাতে ফল ধরেনি। ওই বছরই বার্ড কর্তৃপক্ষ বার্ডের মহাপরিচালকের দপ্তরের পাশে আরও তিনটি গাছ লাগায়। এর মধ্যে একটি গাছে এবার ৪০টির মতো ফল ধরেছে।
বার্ডের কর্মকর্তা মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, গাছটি দুর্লভ। ২০১৭ সালে বড় গাছটি মারা যাওয়ার পর তাঁদের মন খারাপ হয়। ওই বছরই পাঁচটি গাছ লাগানো হয়। এ গাছের ফলে কোনো বিচি নেই। চারা হয় মূল বা শিকড় থেকে। এবার আবার লাগানো গাছে রুটিফল এসেছে। তাঁরা খুবই খুশি।
বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ফার্মগেটের খামারবাড়িতে এ ফলের গাছ আছে।
বৃক্ষপ্রেমিক মোজাম্মেল খান বলেন, ‘এটি খুব সেনসিটিভ গাছ। শিকড় থেকে গাছ জন্মায়। গাছ টেকানো কঠিন। এটি সবজি হিসেবে খাওয়া হয়। দেখতে কাঁঠালের মতো। তবে আকারে ছোট। বার্ড থেকে প্রতিবছর রুটিফল আনতাম। পাঁচ বছর আগে গাছটি পড়ে যাওয়ায় আর যাইনি। শুনেছি, এবার নতুন গাছে ফল ধরেছে।’
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামসিল আরেফিন ভূঁইয়া বলেন, রুটিফল দেখতে কাঁঠালের মতো। ইংরেজিতে একে ‘ব্রেডফ্রুট’ বলে। বাংলায় ‘রুটিফল’। বৈজ্ঞানিক নাম ‘Artocarpus communis’, এটি Moraceae পরিবারের সদস্য। স্বাদ মিষ্টি আলুর মতো। পাউরুটির মতো স্লাইস করে কেটে খাওয়া হয়। বাংলাদেশের আবহাওয়া রুটিফল চাষের জন্য উপযোগী। ফল ধরে শাখার অগ্রভাগে। একেকটি গাছ ৫০ থেকে ৭০ ফুট লম্বা হয়।
কুমিল্লার জনস্বাস্থ্যবিশেষজ্ঞ মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, রুটিফলের অসাধারণ খাদ্যগুণ আছে। সুষম খাদ্যের সব ধরনের উপাদান আছে। গাছের ওষধি গুণাগুণও আছে। উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টের উপশম হিসেবে ব্যবহৃত হয়। জিহ্বার প্রদাহে পাতা বেঁটে প্রলেপ দেওয়া হয়। এর কষ চর্মরোগ উপশমে বিশেষ উপকারী।
বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ফার্মগেটের খামারবাড়িতে এ ফলের গাছ আছে। হাওয়াই, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ও তাহিতি অঞ্চলে এ ফল হয়। এ ছাড়া ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কায়ও রুটিফলের চাষ হয়।