বাবা ছিলেন জিয়াউর রহমানের উপদেষ্টা, ছেলে দীপেন তারেক রহমানের মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রী
বিচারকের চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছিলেন দীপেন দেওয়ান। কিন্তু আইনি জটিলতায় ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেননি তিনি। তারপর দীর্ঘ অপেক্ষা। ১৮ বছরের মাথায় এসে ভোটের মাঠে নামেন। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর আজ মঙ্গলবার নতুন সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে আজ বিএনপি নতুন সরকার গঠন করে। দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শপথ নেন। নতুন মন্ত্রিসভায় দীপেন দেওয়ানের পাশাপাশি মীর হেলাল পেয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব।
বিএনপির কোনো সংসদ সদস্য হিসেবে পার্বত্য চট্টগ্রামের দীপেন দেওয়ান পূর্ণ মন্ত্রী হলেন। তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক। এর আগে ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চার–দলীয় জোট সরকারের উপমন্ত্রী ছিলেন রাঙামাটি আসনের তৎকালীন সংসদ সদস্য মনিস্বপন দেওয়ান।
নতুন মন্ত্রী হওয়া দীপেন দেওয়ানের বাবা সুবিমল দেওয়ান বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ছিলেন। তিনি ১৯৮০ সাল থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা ছিলেন।
এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ী হয়েছেন দীপেন দেওয়ান। সর্বাধিক ভোটে জয়ী দীপেন দেওয়ান রাঙামাটিতে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে। তাঁদের ভোটের ব্যবধান ১ লাখ ৭০ হাজার ৩২২। ধীনের শীষ প্রতীকে দীপেন দেওয়ান পেয়েছেন ২ লাখ ১ হাজার ৫৪৪ ভোট। পহেল চাকমা ফুটবল প্রতীকে পান ৩১ হাজার ২২২ ভোট। এ আসনে ভোটারসংখ্যা পাঁচ লাখের বেশি।
রাঙামাটি সদরের কলেজ গেট এলাকার মন্ত্রিপাড়ায় দীপেন দেওয়ানের বাড়ি। আগে কেউ পূর্ণ মন্ত্রী না থাকলেও বাবা সুবিমল দেওয়ানের কারণে পাড়াটি মন্ত্রিপাড়া হিসেবে পরিচিত পায় বলে জানান স্থানীয় বাসিন্দারা।
রাঙামাটি থেকে বিএনপির কোনো সংসদ সদস্য পূর্ণ মন্ত্রী হওয়ায় নেতা-কর্মী ও পাহাড়ের মানুষ খুশি বলে জানান জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার। তিনি প্রথম আলোকে বলেন, দীপেন দেওয়ানের বাবা সুবিমল দেওয়ানও প্রতিমন্ত্রী পদমর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা ছিলেন। এখন জিয়াউর রহমানের ছেলে আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন, তাঁর মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হলেন রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান। এতে তাঁরা খুবই উচ্ছ্বসিত।
বিএনপি নেতা দীপন তালুকদার বলেন, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সুষম উন্নয়নে বিএনপি কাজ করবে। আর নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী, ৬৩ বছর বয়সী দীপেন দেওয়ান বর্তমানে আইন পেশায় নিয়োজিত। তাঁর আগের পেশা ছিল যুগ্ম জেলা জজ। বর্তমানে তাঁর বার্ষিক আয় ৪ লাখ ৪০ হাজার টাকা।