গাইবান্ধায় শিবির নেতা হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মিছিল–সমাবেশ
গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মিছিল ও সমাবেশ করেছেন জামায়াত ও ছাত্রশিবিরের নেতা–কর্মীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের পৌর পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
পরে একটি মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন ছাত্রশিবিরের নেতা–কর্মীরা। কিছুক্ষণ পর এটি কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। সাইফুল্লাহ বারী উপজেলার শিমুল তাইড় গ্রামের বাসিন্দা ও বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল কারযাভী। এ ছাড়া বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল, জেলা শিবিরের সাবেক সভাপতি আবু হাসান আকন্দ ও ফেরদৌস সরকার, গাইবান্ধা পৌর জামায়াতের আমির ফেরদৌস আলম প্রমুখ।
বক্তাদের অভিযোগ, একটি মহল পরিকল্পিতভাবে শিবির নেতাদের টার্গেট করে হত্যা করছে। সাইফুল্লাহ বারীর রক্ত বৃথা যাবে না, তাঁর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একজন আসামি আটক হলেও মূল অভিযুক্তসহ অন্যরা এখনো পলাতক। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে বক্তারা প্রশাসনের নিষ্ক্রিয়তার কড়া সমালোচনা করেন এবং অবিলম্বে সব আসামিকে আইনের আওতায় আনার দাবি জানান।
হত্যাকাণ্ডের ঘটনায় আশরাফ আখন্দ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে জানিয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সন্দেহভাজন অন্য ব্যক্তিদের আটকে অভিযান অব্যাহত আছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
যুবদল নেতাকে বহিষ্কার
হত্যাকাণ্ডের ঘটনার পরপরই হামলার মূল অভিযুক্ত বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমানকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করে জেলা যুবদল। সংগঠনটির সভাপতি রাগিব হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
গতকাল বিকেলে একটি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে বিএনপি ও যুবদলের স্থানীয় নেতা–কর্মীদের হামলায় সাইফুল্লাহ বারী নিহত হন। এ ঘটনায় সালাউদ্দিন নামের আরেক শিবির কর্মী গুরুতর আহত হন।
ওই হামলার ঘটনায় আহত সালাহউদ্দিনকে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে গতকাল দিবাগত রাত একটার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়।