মানিকগঞ্জে মুঠোফোন চুরির অভিযোগে হাত-পা বেঁধে শিশুকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু নির্যাতন
প্রতীকী ছবি

মুঠোফোন চুরির অভিযোগে মানিকগঞ্জ সদর উপজেলায় এক শিশুকে হাত ও পা বেঁধে নির্যাতন করা হয়েছে। আজ বুধবার বিকেল চারটার দিকে সদর উপজেলা পরিষদ–সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে নির্মাণাধীন মানরা সেতুর নিচে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলা পরিষদের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে মানরা এলাকায় সেতু নির্মাণের কাজ চলছে। আবিদ মনসুর কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটি নির্মাণের কাজ করছে। সেখানে বেশ কয়েকজন নির্মাণশ্রমিক কাজ করছেন।

ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন ও স্থানীয় কয়েকজন বলেন, নির্যাতনের শিকার শিশুটির নাম মো. লিটন (১২)। গতকাল বিকেলে চারটার দিকে একজন নির্মাণশ্রমিকের মুঠোফোন চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় নির্মাণশ্রমিকেরা শিশুটিকে আটক করেন। পরে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি (সাইড ইঞ্জিনিয়ার) তৌহিদুর রহমানের নির্দেশে ওই শিশুকে মারধর করে প্লাস্টিকের সরু পাইপ দিয়ে হাত ও পা বেঁধে একটি লোহার খুঁটির সঙ্গে দাঁড় করিয়ে রাখেন নির্মাণশ্রমিকেরা। প্রায় এক ঘণ্টা পর স্থানীয় লোকজনের চাপে শিশুটির হাত ও পায়ের বাঁধন খুলে দেওয়া হয়।

শিশু লিটন স্থানীয় ব্যক্তিদের কাছে দাবি করে, ছোটবেলায় মা ও বাবা তাকে ফেলে রেখে চলে গেছেন। সে প্লাস্টিকের বোতল কুড়িয়ে বিক্রি করে। ক্ষুধার যন্ত্রণায় সে মুঠোফোন সেট চুরি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এ ঘটনায় মারধর করে হাত ও পা বেঁধে লোহার খুঁটির সঙ্গে দাঁড় করিয়ে রাখা হয়।

শিশুটিকে মারধরের বিষয়টি স্বীকার করেছেন ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি তৌহিদুর রহমান। তিনি বলেন, এর আগেও এখান থেকে শ্রমিকদের টাকাপয়সা চুরি হয়েছে। এবার এক শ্রমিকের মুঠোফোন সেট চুরি করায় শিশুটিকে হাত–পা বেঁধে রাখা হয়। এভাবে শিশু নির্যাতন আইনবিরোধী কাজ—প্রসঙ্গ তুলতেই তৌহিদুর বলেন, চুরির অপরাধে বিভিন্ন স্থানে এভাবেই বেঁধে রাখা হয়। এ ছাড়া শিশুটি মা–বাবার পরিচয় না দেওয়ায় বেঁধে রাখা হয়। তবে পরে শিশুটিকে ছেড়ে দেওয়া হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ সরকার বলেন, শিশু নির্যাতনের খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ যাওয়ার আগেই ওই শিশুকে ছেড়ে দেওয়া হয়েছে। শিশু নির্যাতনের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে।