তিনটি বিষয় সামনে রেখে তদন্তে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্ধারের পর রহিমা বেগম

নিখোঁজের ২৯ দিন পর উদ্ধার হওয়া খুলনার দৌলতপুরের রহিমা বেগমের (৫২) দেওয়া কিছু তথ্যে অসংগতি দেখছেন তদন্ত–সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, তিনি কিছু লুকাচ্ছেন এবং সত্য গোপন করছেন বলে প্রাথমিকভাবে তাঁদের কাছে মনে হচ্ছে। তাঁর কাছ থেকে অনেক প্রশ্নের সদুত্তর পাওয়া যাচ্ছে না।

এ অবস্থায় তিনটি বিষয় সামনে রেখে রহিমা বেগমের নিখোঁজ হওয়ার ঘটনা তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদের ভাষ্যমতে, রহিমার নিখোঁজের সঙ্গে পরিবারের কেউ জড়িত কি না; আসামিদের কোনো যোগসূত্র রয়েছে কি না এবং জমি নিয়ে বিরোধ নাকি অন্য কোনো কারণে এ ঘটনা—এসব খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

গত ২৭ আগস্ট রাতে দৌলতপুরের মহেশ্বরপাশার বাসার উঠানের নলকূপে পানি আনতে গিয়ে নিখোঁজ হন রহিমা বেগম। এ ঘটনায় তাঁর মেয়ে আদুরী আক্তার থানায় অপহরণের মামলা করেন। সন্তানেরা ময়মনসিংহের ফুলপুরে এক নারীর মরদেহকে নিজের মায়ের বলে দাবি করার এক দিন পর ফরিদপুরের বোয়ালমারী থেকে তাঁকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

মরিয়ম মান্নান ও তাঁর বোনেরা
ফাইল ছবি: প্রথম আলো

তদন্ত কর্মকর্তারা বলছেন, গত রোববার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. আল আমিনের আদালতে দেওয়া জবানবন্দিতে রহিমা বেগম বলেন, ২৭ আগস্ট তিনি পানি আনতে বাসার নিচে যান। এ সময় অনেক লোক বাড়িতে ঢোকে। আসামি পলাশ, মহিউদ্দিন, কিবরিয়া তাঁর মুখ চেপে ধরেন। মোবাইল নিয়ে নেন। তাঁকে কোলে তুলে নিয়ে যান।

এরপর তাঁর আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর তাকিয়ে দেখেন, সাইনবোর্ডে পার্বত্য চট্টগ্রাম লেখা। এরপর তিনি রেলস্টেশনে গিয়ে ঢাকা আসেন। ঢাকা থেকে গোপালগঞ্জের মুকসুদপুর হয়ে ফরিদপুরের বোয়ালমারীর সৈয়দপুর গ্রামে কুদ্দুস মোল্লার বাড়ি যান।

তদন্ত কর্মকর্তারা বলছেন, জবানবন্দিতে রহিমা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া, পোশাক-আশাকের কথা কিছুই বলেননি।

আরও পড়ুন

অথচ আদালতে জবানবন্দি দেওয়ার আগে সন্তানদের সামনে রহিমা পিবিআইয়ের কাছে দাবি করেন, অপহরণের পর কিবরিয়া, মহিউদ্দিনসহ কয়েকজন তাঁর কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেন এবং বাড়াবাড়ি না করার হুমকি দেন।

পিবিআই ও নগরের পুলিশের চার কর্মকর্তা বলেন, রহিমার বক্তব্যে অনেক বিষয়ই ধোঁয়াশা তৈরি করেছে। তিনি স্বজনদের মোবাইল নম্বর মনে রাখতে পারেননি। অথচ ২৮ বছর আগের ভাড়াটের বাড়ি গেলেন। এটি সন্দেহ তৈরি করেছে। কেন থানায় যাননি, তার উত্তরও সন্তোষজনক নয়। সঙ্গে ব্যাগভরা কাপড়চোপড় আবার পার্বত্য চট্টগ্রাম থেকে ট্রেনে আসা—সবকিছুই সন্দেহের চোখে দেখা হচ্ছে।

কর্মকর্তারা আরও বলেন, অপহরণের দিন ওই বাড়ির পাশের সিসিটিভি ফুটেজে রহিমা বেগমকে একবার বের হয়ে আবার বাড়িতে যেতে দেখা গেছে। কয়েকজন মানুষের একসঙ্গে বাড়িতে ঢোকার বা বের হওয়ার দৃশ্য দেখা যায়নি।

পিবিআইয়ের কাছে রহিমা বলেছিলেন, তিনি মণি নামের এক নারীর বাড়িতে ছিলেন। তবে ওই নারীর বাড়ি কোথায়, তিনি বলতে পারেননি। ওই নারী তাঁকে এক হাজার টাকা দেন। পরে তিনি গোপালগঞ্জের মুকসুদপুরে যান।

আরও পড়ুন

জানতে চাইলে পিবিআইয়ের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের মণি পুলিশকে বলেছেন, রহিমা সেখান থেকে বাসে করে গেছেন। জবানবন্দির সঙ্গে এখানে অসামঞ্জস্য আছে। উনি কিছু লুকাচ্ছেন।

তদন্ত কর্মকর্তারা বলছেন, ফরিদপুরের কুদ্দুস মোল্লার বাড়ির সদস্যদের কথায় আরও কিছু প্রশ্ন তৈরি হয়েছে। সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে রহিমার জন্মনিবন্ধন সনদ নেওয়ার চেষ্টাও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

পুলিশের একাধিক সূত্র জানায়, রহিমার প্রথম স্বামী আবদুল মান্নান তিন বিয়ে করেছিলেন। এর মধ্যে এক স্ত্রীর ঘরে সন্তান নেই। আরেক পক্ষের দুই ছেলে; তাঁরা বরগুনার পাথরঘাটায় থাকেন।

বরগুনায় থাকা মান্নানের দুই ছেলে ওয়ারিশসূত্রে মহেশ্বরপাশার জমির একটি অংশ (দুই কাঠা) বিক্রি করেন স্থানীয় এক মুহুরির কাছে। তিনি দখল নিতে না পেরে প্রতিবেশী গোলাম কিবরিয়া, মহিউদ্দিন ও হেলাল শরীফের কাছে বিক্রি করেন। তাঁরা জমির দখল নিতে গেলে রহিমার সন্তানদের সঙ্গে বিরোধ বাধে।

সূত্রগুলো বলছে, মহেশ্বরপাশার ওই বাড়ির ঘরগুলো ভাড়া দেওয়া। তবে একটি ঘরে মাঝেমধ্যে রহিমা বেগম ও তাঁর দ্বিতীয় স্বামী বেলাল থাকতেন। ঘটনার দিন বেলাল স্ত্রীর সঙ্গে ছিলেন। রহিমার পানি আনতে গিয়ে না ফেরার কথা বেলালই প্রথম সন্তানদের জানান।

নগর পুলিশের একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, এটি সাজানো নাটক হওয়ার সম্ভাবনাই বেশি। তাঁর পরিবারের কেউ না কেউ এটি জানতেন।

রহিমা উদ্ধার হওয়ায় তদন্তে সুবিধা হবে উল্লেখ করে মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক (ইন্সপেক্টর) আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘আমরা কাউকেই সন্দেহের বাইরে রাখছি না। মামলার বাদী ও তাঁর পরিবারের লোকজন পরিকল্পনা করে এ ঘটনা ঘটাতে পারে। আবার আসামিরাও অপহরণ করাতে পারেন। ঘটনা যা–ই হোক, এর কেন্দ্রে জমি।’

গতকাল বিকেলে মুঠোফোনে রহিমা বেগমের মেয়ে মরিয়ম মান্নান প্রথম আলোকে বলেন, ‘রোববার রাতেই আমি মাকে নিয়ে ঢাকায় এসেছি। মায়ের খুলনায় থাকাটা নিরাপদ মনে হয়নি। এ ছাড়া তাঁর বিশ্রাম ও চিকিৎসা দরকার।’